Authors
Explore our collection of books across different authors

ইমরান আহমেদ
1
Books
2
Followers
পৃথিবীর সাথে পরিচয় ১৯ নভেম্বর ১৯৬৮। মা রীনা রউফ ও বাবা এম.এ. রউফ তার ডাকনাম রাখলেন রিপন। আর দাপ্তরিক নাম ইমরান আহমেদ। দুটো নামই বাংলা না হবার জন্যে তার অপছন্দের। ছোটবেলাতেই গানের ভুবনে প্রবেশ। দু'জোড়া তবলা ভাঙার পর তবলা বাজানোর শখ মিটে যায়, অতঃপর গানে মায়ের কাছে হাতেখড়ি। ১৯৭৬ থেকে ১৯৮৫ পর্যন্ত নিয়মিত শিশুশিল্পী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের। ১৯৭৭ এবং ১৯৭৮ এ পান নতুন কুঁড়ি ও জাতীয় শিশু পুরস্কার। প্রাতিষ্ঠানিক লেখাপড়া তার কখনোই ভালোলাগার বিষয় ছিলো না। আদমজী ক্যান্টনমেন্ট স্কুল থেকে মাধ্যমিক (১৯৮৩) ও নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (১৯৮৫) শেষ করে সরকারী বৃত্তি নিয়ে স্থাপত্য বিষয়ে লেখাপড়ার জন্য পাড়ি জমান (১৯৮৬) তৎকালীন সোভিয়েত ইউনিয়নে। লেনিনগ্রাদ ইনস্টিটিউট অব সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা সমাপ্ত না করেই দেশে চলে আসেন ১৯৯৭ সালে, দীর্ঘ এগারো বছর পর। এর মধ্যেই মাত্র তেইশ বছর বয়সে ভ্রমণ করা হয়ে গেছে সোভিয়েত ইউনিয়নের প্রায় আটাশটি শহর ও ইউরোপ এবং আফ্রিকার অনেকগুলো দেশ। ১৯৯৯ সালে রুমানা মাহজাবীন এর সাথে সংসার নামক শিল্পকলায় নাম লেখান। সৃজনশীল যেকোনো কাজেই তার যারপর নাই আগ্রহ। ইন্টেরিয়র ডিজাইন ও ফটোগ্রাফির উপর সেরে ফেলেন প্রফেশনাল কোর্স। লেখালেখি শুরু ২০০৯ থেকে। কবিতার সাথে প্রেম তারও আগে থেকে। 'তবু উড়বেই তুমি শঙ্খচিল' তার প্রথম গ্রন্থ। বর্তমানে তিনি একজন ফ্রিল্যান্স ইন্টেরিয়র ডিজাইনার এবং আবাসন শিল্পের সাথে জড়িত। বড় ভাই শাহরীয়ার আহমেদ (আমেরিকা প্রবাসী) এবং ছোটবোন রুমানা দানী। বর্তমানে মা-বাবা, স্ত্রী এবং দশ বছরের কন্যা আরাধিতা মাহজাবীন আহমেদকে নিয়ে ঢাকার লালমাটিয়ায় বসবাসরত।