
ইট, কাঠ, কংক্রিটের কর্মব্যস্ত শহরে গুটিকতক মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসেবে গড়ে উঠল 'ঠিকানা' নামের এপার্টমেন্টটি। ঢাকা শহরে এমন খোলামেলা ফ্ল্যাটের জুড়ি মেলা ভার। তাই প্রায় প্রত্যেকেই নিজের শেকড়ের টানকে পেছনে ফেলে বসবাস শুরু করে ঠিকানায়। এতে যেমন আছে মধ্যবিত্ত মিরাজ-অদিতির পরিশ্রমের কড়ি, ঠিক বিপরীতে সাইদুর সাহেব-ডানা আপার মতো উচ্চবিত্তের অঢেল সম্পদের একাংশও ঠিকানার বিনিয়োগে জায়গা করে নিয়েছে। কিংবা সাদেক মামা-মামীর মতো মফস্বলের পরিবার, যারা কিঞ্চিৎ উন্নত জীবনযাপনের আশায় সব ফেলে ছুটে এসেছে এই ব্যস্ত শহরে, তারাও বাদ যায়নি। সব মিলিয়ে বেশ নিশ্চিন্তে এগোচ্ছিল ঠিকানার মানুষগুলোর জীবন। তারপর ঘটে যায় একের পর এক ঘটনা। এ যেন শনির দশা! এসব অদ্ভুতুড়ে ঘটনায় টালমাটাল হয়ে গেল তাদের জীবন। কী এমন ঘটল ঠিকানায়! ফ্ল্যাট হস্তান্তরের দিন সবাই যেভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবেছিল শেষমেশ ঢাকা শহরে তাদের দারুণ একটা ঠিকানা হলো, আদৌ কি ঠিকানা তাদের সেই ঠিকানা হতে পেরেছিল?