

যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। মাঝখানে পায়ে চলা পথ। সে পথেই এগুতে থাকে তাসমিমা। হঠাৎ দু'একটা কোকিলের ডাক শুনতে পেয়ে অসম্ভব ভালো লাগায় ছুঁয়ে যায় তাসমিমার মন। কোথায় চলছে, এ কথাটা ভাবতেই কোনো সবুজ বনানী নয়, বিছানায় আবিষ্কার করে নিজেকে। জানালার গ্রিল গলিয়ে ভোরের আলো ঘরময় ছড়িয়ে পড়েছে। স্বপ্নের ভালোলাগার আবেশটুকু নিয়ে আড়মোড়া ভাঙে তাসমিমা। ঘরের পর্দা সরিয়ে চোখ রাখে আকাশে। দূরের আকাশটাকে আজ বড় কাছে মনে হয় তাসমিমার। আকাশ জুড়ে কুচবরণ কন্যার ঢেউ খেলানো কালো চুলের মতো মেঘেরা ভেসে যাচ্ছে। ফাগুনের প্রথমেই একটা গুমোট গরম হাওয়া, যা বসন্তের আমেজ এনে দেয়।