
বারবোরা। প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ। প্রায় মাসখানেক হয় খালিদরা এখানে আছে। ওরা একটি বিরল রোগ 'মাল্টিপল পারসোনালিটি ডিসঅর্ডার' এর মেডিসিন তৈরির সিক্রেট প্রজেক্ট নিয়ে এই দ্বীপে এসেছে। এই দ্বীপে আসার পর থেকেই খালিদ আর তার দল বেশ কিছু ভয়ানক বিষয় খেয়াল করে। প্রতিরাতেই খুব অল্প সময়ের জন্য দ্বীপটির ঠিক উত্তর-পূর্ব কোণ থেকে একটি সিংহের আর্ত চিৎকার ভেসে আসে, অতি আপন কাউকে হারালে কান্নায় যেমন আবেগ মিশানো থাকে, সিংহের চিৎকারটা ঠিক তেমন! বুক মোচড় দিয়ে ওঠে। কিন্তু জীব ভূগোলের হিসাব অনুযায়ী এই দ্বীপে সিংহ-ই থাকার কথা নয়। বিকেলে যখন শেষ হয়ে আসে ঠিক এই সমটায় দ্বীপের উত্তর-পশ্চিম কোণ থেকে ঝোড়ো হাওয়ার মতো বয়ে যায় এক ধরনের ভয়ংকর হিম হাওয়া, যা গায়ে অসম্ভব কাঁপুনি আনে। দ্বীপের পূর্ব অংশে সমুদ্র থেকে দ্বীপের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এগারোটা মূর্তি। এগারোতম মূর্তিটি সবচেয়ে সুন্দর নারী মূর্তি, যার ঈগলের ডানার মতো ভুরুর নিচে হরিণীর মতো এক জোড়া চোখ। দ্বীপের বাতিঘরে পাওয়া গেছে দুটি নর কঙ্কাল, সাথে একটি চিরকুট, যাতে লেখা- 'এখানে এর আগে যারা এসেছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে, আমাদের সাথেও তাই ঘটবে, খুব অচিরেই তা ঘটবে। এরপর যারা আসবে তাদের সাথেও এমনটাই ঘটবে।'