

তারুন্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা প্রতিটি কিশোর কিশোরী যে ভয়ানক ভাঙা গড়ার মধ্য দিয়ে যায়, সেটি বোঝার ক্ষমতা খুব কম অভিভাবকের থাকে। কোনো কোনো অভিভাবক এই দুর্দান্ত সময়কে শিকলে বেঁধে নিয়ন্ত্রন করতে চান। কেউ একদম খেয়ালই করেন না যে তার সন্তান কিসের ভেতর দিয়ে যাচ্ছে। কেউ বা এ দুটোর সমতা রাখতে চেষ্টা করেও অপারগ হন। এই টালমাটাল সময়ে দুটি পক্ষ তৈরি হয়। যারা একে অন্যকে যুক্তিতে বা কাজে কুপকাত করাকে বিশাল একটি দায়িত্ব মনে করেন। এই দ্বন্দ্বের অবসান করা খুব কঠিন। এই বিবাদের মিমাংসা করা খুব অসাধ্য জানি। পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হবার সম্ভাবনা থেকে যায়। তবু আমি ক্ষুদ্র চেষ্টা করেছি নিজের মতো করে এই দ্বন্দ্বের ছবি ফুটিয়ে তুলতে। সময় অপচয় করে হলেও মা-বাবারা যেনো চেষ্টা করেন গল্পগুলোর সাথে নিজেদের মিল খুঁজে পেতে। একই সাথে সন্তানদেরও কিছু সহায়তা হতে পারে এই আশা করছি। কিছু গল্প ঘুমিয়ে থাকে চোখে। চোখ খুললেই মরীচিকা মনে হয়। সেই গল্পের মতো জীবন না হোক, কিন্তু জীবনের গল্পটার কোনো কিনারা হলেও হতে পারে। ভালবাসা আমার পাঠকদের উদ্দেশ্যে। আমাকে ভালবাসায় রাখবেন।
#ফেব্রুয়ারি_ইবুক_রিভিউ_ইভেন্ট বড়োরা বনাম ছোটোরাঃ প্রজন্মের মনস্তাত্ত্বিক অন্তর্দ্বন্দ্ব বনাম বেড়ে ওঠা 🌿 সারসংক্ষেপঃ ❝বড়োরা বনাম ছোটোরা❞ কয়েকজন কিশোর-কিশোরীর গল্প। প্রজাপতির মতো কৈশোরকালীন বেড়ে ওঠার সময়ে যারা নানারকম পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তাদের গল্পগুলোও ভিন্ন ভিন্ন। ঐশী মেয়েটার হাতে অনেকগুলো স্লিপিং পিল। কোনো একটা কথা তাকে ভীষণ কষ্ট দিয়েছে। আর তাই এই সিদ্ধান্ত। বোকা মেয়ে! গুঞ্জন ছেলেটা সায়েন্স বোঝে না। বাবাকে বললেও বাবা গুরুত্ব দেয় না। প্রায় ক্লাসে বুঝতে পারে না বলে অমনোযোগী থাকে। আরাফ নামের ছেলেটা মা আর নানুর সাথে থাকে। মায়ের ডিভোর্স হয়েছে। সে জানে বাবা-মা একসাথে থাকলে জীবন অন্যরকম হতো। সে নিয়তিকে মেনে নিলেও আশেপাশের মানুষের খুব সমস্যা। মুমু মেয়েটা অন্যরকম। তার কিছুই ভালো লাগে না। কথা বলতে ইচ্ছে করে না কারো সাথে। নিজের কথা একটু বেশি ভাবলেও তার একটা ভালো গুন আছে সে প্রতিবাদী। অয়ন বড়লোক বাবার ছেলে। কোনোকিছুর অভাব নেই তবুও যেন কীসের অভাব। তাদের এই টুকরো টুকরো ময়ূরের ডানার মতো ছড়ানো গল্প নিয়েই এ বই। 🌿পাঠ্যানুভূতিঃ একটি উপন্যাসে পাঠক হিসেবে কি চাওয়া থাকতে পারে? সুন্দর এবং বাস্তব বিষয়বস্তু, সুন্দর লেখনী এবং সুন্দর উপস্থাপনা; এই তো? যদি বলি, এখানে এক কাপ চায়ের মতো সবকিছুর পরিমাণই পরিমিত। ❝বড়োরা বনাম ছোটোরা❞ ইবুকটিতে যে দিকটা খুব সুনিপুণভাবে তুলে ধরেছে তা হচ্ছে এক প্রজন্ম আর আরেক প্রজন্মের অন্তর্দ্বন্দ্ব। বাবা-মা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। কিন্তু সন্তানরা যেমন সবসময় সঠিক হয় না তেমন বাবা-মায়েরাও যে সবসময় সঠিক হবে এমন কথা নেই। লেখিকা ছোটো ছোটো অনেক বার্তা অভিভাবক এবং কিশোর-কিশোরীদের দিয়েছেন। যেভাবে সমাজের একাংশ তুলে ধরেছেন মনে হচ্ছিল এ তো আমাদের আশেপাশের গল্প। তার জন্য বিশাল ধন্যবাদ দিতেই হয়। খুব দক্ষতার সাথে প্রথমে চরিত্রগুলোর সাথে লেখিকা পরিচয় করিয়েছেন, তাদের গল্প বলেছেন সাথে একটু রহস্যও রেখেছেন। পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গেল টেরই পাইনি। বয়ঃসন্ধিকালের সময়টা খুব ভঙ্গুর একটা সময়। এ বয়স কখনো গোলাপের মতো স্নিগ্ধতা ছড়ায় কখনো আবার নেতিয়ে যায় শুকনো গোলাপের মতো। শারিরীক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন ঘটে। ভুল পথেও অনেকে পা বাড়ায় না বুঝে। এ পরিবর্তনটাই অনেক বাবা-মা বুঝতে চান না। গল্পে দেখা যায় মুমুর ভালো লাগে না। এখন মুমুর কেনো ভালো লাগে না তা কিন্তু বাবা-মা খতিয়ে দেখতে যায়নি। গুঞ্জন পড়াশোনায় একটু দুর্বল বলে বারবার ছোটো ভাইয়ের সাথে তুলনার শিকার হয়েছে। চাপ দিয়েছে অনেক। ভুল বোঝাবোঝি হয়ে গায়ে হাত তুলতেও দ্বিধা করেনি। অথচ সত্যিটা আগে খতিয়ে দেখার দরকার ছিল। আরাফের মা ডিভোর্সি কিন্তু সমাজ ভ্রু কুঁচকে দেখে। কিছু মানুষের মানসিকতা কখনোই পরিবর্তন হবার নয়। ঘুণে ধরা সমাজের একাংশ চলে এসেছে অবলীলায়। বডি শেমিংয়ের শিকার যারা হয় তারাই জানে মানসিকভাবে কতটা যন্ত্রণা। ঐশী বডি শেমিং এর শিকার হয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়। বাবা-মায়ের সময় নেই যে তাকে সময় দিবে। অতঃপর একটা ভুল সিদ্ধান্ত। অভাব না থাকলেও কেউ কেউ অভাববোধ করে ভালোবাসার। সবকিছুর বিনিময় হলেও ভালোবাসারতো বিনিময় হয় না। অয়নের সব আছে তারপরেও এই অভাব কুঁড়ে কুঁড়ে খায়। পারিবারিক টানাপোড়েনের শিকার চিত্রার অভিভাবকের দায়িত্বে আরেকটু সচেতনতা তাও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। এছাড়া বিপদে কে কতটা আপন তাও দেখিয়েছেন। আমি যে দিকটায় বেশি মুগ্ধ হয়েছি তা হচ্ছে বন্ধুত্ব। সবার বন্ধুত্ব কতটা সুন্দর। এই যে ভঙ্গুর একটা বয়স তবুও তারা ধীরে ধীরে পরিপক্ক হচ্ছে, একজন পছন্দ না করলেও বন্ধুর বিপদে চলে গিয়েছে, পাশে থেকে ভরসা জুগিয়েছে। দায়িত্ববোধেও কোনো কার্পণ্য করেনি। এভাবেইতো মানবিকতা নিয়ে বেড়ে ওঠা উচিত। আর শেষটা আমার খুব খুব ভালো লেগেছে। বলতে পারি লেখিকা তার দক্ষ হাতে কলমের ফোঁড়ে নকশীকাঁথার মতো বইয়ের পাতায় নিপুণ সুইয়ের ফোঁড় তুলেছেন। বইয়ের ঘরানা শিশু-কিশোর হলেও সামাজিক ছাপ প্রবল। বড়োরাও পড়তে পারবেন অনায়াসে। আমার মতে লেখিকা যে বার্তা দিতে চেয়েছেন তাতে অনেকাংশই সফল। বইটা পড়ে একজন অভিভাবকও যদি উপকৃত হয়ে নিজের সন্তানদের মানসিক দিকে খেয়াল রাখে তাতেই লেখিকার স্বার্থকতা। একজন কিশোর বা কিশোরী যদি ভুল সিদ্ধান্ত থেকে সরে আসে সেটাই স্বার্থকতা। শুধু বলব বইটি একবার পড়ে দেখুন। 🌿শেষকথাঃ ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে লিখেছিলেন- “আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে”। আমাদের চাওয়া আমাদের সন্তানেরা দুধে-ভাতে থাকুক সাথে মানসিক সুস্থতা নিয়েও বেড়ে উঠুক। মুমু, গুঞ্জন, চৈতি, ঐশী, অয়নরা বেড়ে উঠুক যত্নে থাকা চারাগাছের মতো। লেখিকার কলম ফুঁড়ে বের হয়ে আসুক সমাজের জন্য আরো অনেক ইতিবাচক বার্তা। 🌿ইবুকঃ বড়োরা বনাম ছোটোরা লেখিকাঃ ফারহানা আহমেদ পৃষ্ঠা সংখ্যাঃ ৮০ মূল্যঃ ৩০ টাকা ইবুক প্ল্যাটফর্মঃ বইটই 🌿রেটিংঃ ৯.৫/১০ (লেখনী, উপস্থাপনা, বিশ্লেষণ, বানান, সূচনা এবং সমাপ্তি)
Read all reviews on the Boitoi app
পাঠ প্রতিক্রিয়া— একাডেমিক বই পড়তে পড়তে বিরক্তের দল যখন দখল করে নিলো আমার মস্তিষ্ক-মন তখন বইগুলোকে দারুণ অবহেলায় রেখে পরাজিত সৈন্যের গ্লানি নিয়ে পিঠটান দিয়ে আশ্রয় নিলাম মোবাইল ফোনে। একটু পর যখন মনের তেষ্টা পেয়ে বসলো তখন বইটই অ্যাপে চোখদুটোকে ছেড়ে দিলাম “বড়োরা বনাম ছোটোরা” অভিযানে। ফারহানা আহমেদ এর লেখা আগে কখনো পড়া হয়নি। “বড়োরা বনাম ছোটোরা” পড়ে উনার লেখার সাথে পরিচয় পর্বটা সেরেই ফেললাম বলা যায়। ফারহানা আহমেদ তাঁর সহজ-সরল, গতিশীল বর্ণনায় বড়োরা বনাম ছোটোরা উপন্যাসিকায় ফুটিয়ে তুলেছেন সমাজের বেশকিছু বাস্তব চিত্র। উপন্যাসিকাটিতে উঠে এসেছে পারিবারিক টানাপোড়ন, উচ্চাকাঙ্খা, সন্তানের প্রতি পরিবারের অবহেলা, সন্তানদের মধ্যে পক্ষপাত, সৎ সন্তানের প্রতি সমাজের মনোভাব, শারিরীক গঠনের জন্য কটাক্ষের শিকারসহ আরও বেশকিছু বিষয়। যা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে। কখনো বা এসব ঘটনার সাক্ষী হতে হয় আমাদের, আবার কখনো এসব ঘটনার জন্ম দেই আমরা নিজেই। “বড়োরা বনাম ছোটোরা” অদৃশ্য সীমারেখায় দুইভাবে বিভিক্ত করা যায়। প্রথম অংশে লেখিকা গল্পের ছলে দেখিয়েছেন সমাজ কিংবা পরিবারের ফাটলগুলো। আর শেষের দিকে লেখিকা চমৎকারভাবে সমাজ কিংবা পরিবারের সেসব দূর্বলতাগুলো মেরামত করেছেন দক্ষ হাতে। যার জন্য লেখিকা ফারহানা আহমেদ প্রশংসা পাওয়ার যোগ্য। উপন্যাসটিতে যে বিষয়টি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা হলো দুঃসময়ে বন্ধুদের ভূমিকা। লেখিকা ঐশী ও তার বন্ধুদের মাধ্যমে তা ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে। ঐশীকে ফিরে পাবার জন্য বন্ধুদের মধ্যে যে অপেক্ষা আর হাহাকার তা পড়ার সময় মনের অজান্তে কখন যে চোখদুটো প্লাবিত হয়ে উঠেছিল বুঝতেই পারিনি।