

মধ্যবিত্ত জীবনের গল্পগুলো ঠিক গল্প নয়।এগুলো কাউকে ভেবে ভেবে লিখতে হয় না। মধ্যবিত্তদের সুখ -দুঃখ খুব সাবলীল। অভিনয়ের দরকার পড়ে না। অনেক স্বপ্ন থাকলেও চুপ হয়ে যেতে হয়। ছোট্ট ছোট্ট কারনে সুখী হওয়া অভ্যাস হয়ে যায়। এখানে প্রেম হয় চুপচাপ। ভেঙে যায় চুপচাপ।শব্দ করে হাসলেও কেউ দেখে না। চিৎকার করে কাঁদলেও কেউ ফিরে তাকায় না। কারো নিশ্চুপ চলে যাওয়া ,কারো অকারন অপেক্ষায় কেটে যাওয়া জীবন কেবল যাপিত জীবনের অংশ হয়ে যায়।"তোমাকে ভালবাসার পর" ফারহানা আহমেদ এর লেখা ৬ষ্ঠ উপন্যাস। মধ্যবিত্ত জীবনের চড়াই উৎরাই নিয়ে লেখা এই উপন্যাসটি একটি প্রেমের গল্পকে আঁকড়ে ধরে এগিয়ে গেছে।
❝প্রেম চিরকাল প্রশ্নবোধক চিহ্ন। প্রেম শাশ্বত সুন্দর। প্রেম কেবল হৃদয়কে উদার করে না, দৃষ্টিকেও করে প্রসারিত। প্রথম দেখাতে প্রেমে পড়ে যাওয়ার যে পাগলামো, তার মতো শুদ্ধ আর কিছু নেই। ❞ ▫️কাহিনী সংক্ষেপ: রজনীকে উৎসর্গ করে লেখা গল্প শুরু হয়েছিল তাদের পুরনো বাড়ি দিয়ে আর শেষটা হয়েছে কথা দিয়ে কথা রাখার মাধ্যমে। গল্পের চরিত্রগুলো ভিন্ন, তাদের ঘটনাও ভিন্ন অথচ তাদের চাওয়া পাওয়াগুলো অভিন্ন। তাদের সবাই চায় কাউকে না কাউকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে। অথচ আদৌ তারা সেটা পারে না। দিনশেষে তাদের সকলের দীর্ঘশ্বাস শোনা যায়। স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস! এরমধ্যেও কেউ একজন কথা রাখে। তবে কে সে? তারিক, মুহিব কিংবা সফিক? রজনীর ভালোবাসা মুহিব। কিশোরীর প্রাইভেট যাওয়ার পথ ধরে যার সাথে পরিচয়। আর পরিচয় থেকেই তাদের ভালোবাসার সূত্রপাত। কিন্তু আনিস এবং ছোটমামার কূটকৌশল সব পাল্টে দেয়। একাকী রজনী বড় হতে থাকে, আর আনিস অপেক্ষায় থাকে সুবর্ণ সুযোগের। রজনী না চাইলেও ছোটমামার সাথে আনিসের সখ্যতা গড়ে ওঠে। আর সেই সখ্যতাও বেশিদিন টেকে নি। কারণ ছোটমামা আনিসকে শুরু থেকেই পছন্দ করতেন না। ফলস্বরূপ সম্পর্কের সংযোগ থেকেই বিচ্ছেদের যবনিকা। এই গল্প মুহিবের ভালোবাসা হারিয়ে ফেলার গল্প, এই গল্প আনিসের আক্ষেপের গল্প, এই গল্প তারিকের অসহায়ত্বের গল্প, এই গল্প নুপুরের সব পেয়েও হারানোর আর্তনাদের গল্প। এই গল্পে কেউ আক্ষেপ খুঁজে পায় বন্ধ দরজার আড়ালে। কেউ নিজের স্বামীকে পেয়েও সংসারের ব্যস্ততা নিয়ে বাঁচতে চায়, কারণ পিছনে তাকানো যাবে না। পেছনে এক দুর্বিষহ অতীত। কেউ জীবন ছেড়ে পালিয়ে যায় লন্ডনের আভিজাত্যের ভিড়ে; সম্বোধন ছাড়া লেখা মুহিবের চিঠিতে। কেউ অতীত জলাঞ্জলি দেয় সংসদের পাশে বসে। গুনতে ভুল করলে আবার শুরু করা যায়, কিন্তু যায় কি ? হয়তো যায়, হয়তো যায় না। এই যাওয়া না যাওয়ার এক বিষন্ন মিশ্রণের নামই হলো "তোমাকে ভালোবাসার পর"। ▫️পাঠ প্রতিক্রিয়া: ৯০ পৃষ্ঠার ই-বুক অথচ ভাবের গভীরতা অসীম। প্রতিটা লাইন পড়ার সময় ভাবতে হয়েছে প্রচুর। একেকটা লাইনের ভিতরে হাজারটা আক্ষেপ, স্মৃতি আর রহস্য লুকায়িত। আর বইয়ের শেষটার জন্যই হয়তো "তোমাকে ভালোবাসার পর" নামটার বিকল্প নেই। পুরো বইজুড়েই ছিলো ঘোর, দীর্ঘশ্বাস, বেদনা এবং শেষমেশ তৃপ্তি। বইটিতে লেখিকার মনস্তাত্ত্বিক জীবনমুখী ভাবনার বহিঃপ্রকাশ ফুটে উঠেছিলো ব্যাপকভাবে। আসলে তোমাকে ভালোবাসার পর বললেই ভালোবাসা হয় না। এই পেয়ে যাওয়ার পরেও অনেক কিছু থেকে যায়। সেই থেকে যাওয়াটাই লেখিকা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন৷ বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে। মূলত এটি একটি মিশ্র ঘরানার গল্প। আমি এটিকে কয়েকভাগে ভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করবো। ▪️প্রেম কিংবা মায়া: "তোমাকে ভালোবাসার পর" কয়েকটি জীবনের প্রেম নামক শুদ্ধ কিংবা অশুদ্ধ অনুভূতির গল্প। যেখানে কোনো বাহুল্যতা নেই, অশ্লীলতা নেই। এই উপন্যাস বড়ো মায়াময়। গল্পের প্রতিটি চরিত্রের সাথে জড়িয়ে আছে অদ্ভুত মায়া। কোনো একজনের যন্ত্রণায় মায়া, বিচ্ছেদের মায়া, ভালোবাসার স্বীকৃতি স্বরূপ যে চাদর রজনীর গায়ে জড়িয়ে দেয় বাবলু... তার কারণও তো মায়াই। হারিয়ে ফেলার পরেও আরেকবার হাতটা ছুঁতে চাওয়া, রজনীর জন্য তারিকের বা সফিকের জন্য নুপুরের যে কান্না, রজনীকে পেতে চেয়ে আনিসের যে নিরন্তর প্রচেষ্টা; সেই সবকিছু তো মায়াই। ▪️অন্তর্ঘাত: স্কুল পড়ুয়া এক ছেলে, যার জীবনে প্রেমের নামে কেউ আসে ভালোবাসার পরশ নিয়ে , আবার যাকে বন্ধু ভেবে যায় ছেলেটি, সে-ই ফিরে আসে শত্রু হয়ে! জীবন, সে-তো এক অদ্ভুত সমীকরণের নাম। যেখানে সবচেয়ে প্রিয়জনই হয়ে ওঠে আমাদের বিচ্ছেদের কারণ। বইটি এত নিঁখুত ভালোবাসায় মোড়া যে প্রত্যেকটি চরিত্র আপনাকে ঘোরের মধ্যে নিয়ে যাবে। এ ঘোর পৃষ্ঠার পর পৃষ্ঠা কখন যে পড়িয়ে ফেলবে, আপনি টেরও পাবেন না। সবশেষে বইটি পাঠের পর মনে হবে, এই অর্ধেক জীবনে হাজারো গল্প তৈরি হয়, তৈরি হয় সম্পর্ক। আর সেই সম্পর্কের যে ধুম্রজাল ফারহানা আহমেদ বিছালো তা পাঠককে অনেক দিন ভাবাবে, ভাবাবে তার জীবনকে। ▫️বই: তোমাকে ভালোবাসার পর ▫️লেখা: ফারহানা আহমেদ ▫️ধরণ: ই-বুক ▫️প্রাপ্তি: বই-টই ▫️মূল্য: ৩০৳ ▫️পৃষ্ঠা সংখ্যা: ১৮৯ টি
Read all reviews on the Boitoi app