

আমার জীবনের সবচেয়ে মজার স্মৃতি কী? এ মুহূর্তে কিছুই ঠিক মনে পড়ছে না। শুধু একটা দৃশ্য চোখের সামনে ভাসছে—অনেক দিন আগের কথা, তবুও এখনও স্পষ্ট মনে আছে। সেদিনও বৃষ্টি ছিল। শ্রাবণের এক স্নিগ্ধ সন্ধ্যা। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। বাতাসের ঝাপটায় বৃষ্টির ছাঁট এসে পড়ছিল আমার গায়ে। তখন আমাদের বাসা ছিল একটি আবাসিক এলাকায়। রাস্তায় কোনো রিকশা বা গাড়ির চিহ্ন নেই। পথের দুই পাশে সারি সারি বড় বড় গাছ। একটি কদম গাছে তখন ফুল ফুটেছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি—গাছভর্তি কদম ফুল। বাদল দিনের প্রথম কদম ফুল।