

সাঁওতাল সর্দারের কাছ থেকে পাওয়া মানুষের উরুর হাড়ের তৈরি মন্ত্রপূত একটা বাঁশি। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে উলঙ্গ হয়ে পদ্মাসন অবস্থায় এই বাঁশিতে সুর তুললে এক ধরনের অতি ক্ষমতাবান অপদেবতারা চলে আসে। যে অপদেবতারা দেখতে বামনদের মতো। কাছ থেকে এদেরকে দেখলে মনে হয়, দুই-তিন বছরের কোনো বাচ্চার কাঁধে একটা ভয়ঙ্কর মাথা জুড়ে দেওয়া হয়েছে। আগুনের অঙ্গারের মতো ভুরুহীন গনগনে লাল চোখ। কুঁচকানো ভাঁজ-ভাঁজ সমস্ত মুখের চামড়া। নাকের স্থানটায় থ্যাবড়ানো মাংসপিণ্ড। কুচকুচে কালো, লম্বা লকলকে জিভ। কাঁচির আলের মতো তীক্ষ্ণ দাঁতের সারি। সাত আঙুল-বিশিষ্ট সূচালো নখযুক্ত ছোট-ছোট হাত। পিঠের উপরে কুঁজোর মতো। বানরের পায়ের মতো ঘন লোমযুক্ত পা। এই বামন অপদেবতারা খুবই ভয়ানক। এরা কারও উপরে ক্ষেপে গেলে তার বংশ নির্বংশ করে ফেলে।