

গুমোট, শান্ত পরিবেশ বদলে গেল সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের কান্নায়। চিন্তায় ভাঁজ পড়ে থাকা কপালগুলো মুহূর্তেই সোজা হয়ে গেল। একটু আগেও যিনি ভয়ে কান্না করছিলেন— সেই শক্তপোক্ত পুরুষটিই এবার শান্ত চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন অপারেশন থিয়েটারের দরজার দিকে, যেখান থেকে ভেসে আসছে তার সন্তানের প্রথম কান্না। প্রশান্তির ঢেউ খেলে গেল তার বুকজুড়ে। কে বলবে কিছুক্ষণ আগেও এই মানুষটাই স্ত্রী আর সন্তানের জন্য অস্থির হয়ে কাঁদছিলেন? সবার ঠোঁটে হাসি। অনেক বছর পর পরিবারে এসেছে এক কন্যা সন্তান। আনন্দ, বিস্ময়, আবেগ— সব কিছু মিলেমিশে গেছে একাকার। একটু দূরে দাঁড়িয়ে আছে ছয় বছর বয়সী একটি বাচ্চা ছেলে। তার কপালের ভাঁজ এখনো মুছে যায়নি। সে নীরবে সব কিছু পর্যবেক্ষণ করে চলেছে— "কিছুক্ষণ আগেও সবাই কাঁদছিল, এখন সবাই হঠাৎ এত খুশি কেন?" এই প্রশ্নটা তার শিশুমনে ঘুরপাক খাচ্ছে। সে আবার উঁকি দিচ্ছে আইসিইউ-এর দিকে। এই বিশাল ঘরেই তো তার ফুফু মনিকে কিছু লোক নিয়ে গেল। মাকে জিজ্ঞেস করায় মা হেসে বলল, “ফুফু মনি তোমার পুতুল আনতে গেছে, আসফি। তুমি না পুতুল চেয়েছিলে?”