

যে দিনটিতে বসরা বন্দর থেকে যাত্রা শুরু করলেন সীদী আলী রঈস, সে দিনটি শওয়াল মাসের পয়লা তারিখ। হরমুজ পর্যন্ত তাকে এগিয়ে নিয়ে আসার জন্য মুস্তাফা পাশার একটি ফ্রিগেট বা ছোট রণতরী তার বহরের সঙ্গী হলো, যার অধিনায়ক ছিলেন শেরিফ পাশা। সীদী আলী রঈসের সাগর দেখার নেশা ছাড়াও স্থল পর্যটনের নেশা রয়েছে, বিশেষ করে মুসলমান সন্ত ও ফকীরদের সমাধিকুঞ্জ দর্শনের প্রতি। অতএব, তিনি পথে ঘন ঘন থামলেন এবং মহজরী-তে নেমে খিদরের সমাধি দর্শন করলেন। পরবর্তীতে, দিজ-ফুল ও চরিকের শুশতর উপকূল পার হয়ে ইমাম মহম্মদ, হানিফ ও অন্যান্য সন্ত ও মহাপুরুষদের সমাধিতে তীর্থ করতে গেলেন।