

অপরাধীদের জন্য কত বড় অফার আর সুযোগ রেখেছেন মেহেরবান আল্লাহ! হতভাগা ও দুর্ভাগা সে, যে মাফ নিতে পারলো না; আর এভাবেই দুনিয়া ছেড়ে চলে গেল। এমন এক সময় আসবে যখন মানুষ তাওবা করবে; কিন্তু তার তাওবা কোনো কাজে আসবে না। হযরত সাফওয়ান বিন আস্সাল রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পশ্চিম দিগন্তে একটি দরজা রয়েছে, যা সর্বদা খোলা থাকে। যার প্রশস্ততা সত্তর বছরের রাস্তার সমান। পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া পর্যন্ত এ দরজা তাওবার জন্য খোলা থাকবে। যে দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ঐ দিন থেকে যারা ঈমান আনবে, তাদের ঈমান কোনো উপকারে আসবে না এবং কোনো ভালো কাজ গ্রহণযোগ্য হবে না। কত অপরাধী পাপাচার আর অনাচারে জীবন কাটিয়ে দিল, ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেল, অবশেষে তাওবার দরিয়ায় নিজেকে ভাসিয়ে দিয়ে আল্লাহকে নিজের আপন করে নিতে সক্ষম হলো, ফলে আল্লাহ তাকে নিজ রহমতের কোলে তুলে নিলেন। এমন এক ঝাঁক ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে আমার এ আয়োজন। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করুক! রবের সমীপে বিনীত আরজ, যেন তিনি এ মেহনতকে কবুল করেন এবং এর দ্বারা সকলকে উপকৃত হওয়ার তাওফিক দান করেন! আমিন!