

নামাযের হাকীকত হল নিবিড়ভাবে আল্লাহ তায়ালার সান্নিধ্য গ্রহণ ও তাঁর সাথে একান্ত আলাপনে লিপ্ত হওয়া। কাজেই অন্যমনস্ক ও গাফেল অবস্থায় তা হতে পারে না। পক্ষান্তরে অন্যান্য ইবাদাত গাফলতির সাথে হতে পারে। যেমন যাকাতের হাকীকত হলো, মাল খরচ করা। এটি স্বয়ং নফসের জন্য এমন কষ্টসাধ্য যে, গাফলতির সাথেও যদি কেউ যাকাত আদায় করে, তাও নফসের জন্য কষ্টসাধ্য হয়। এমনিভাবে রোযার হাকীকত হলো, সারাদিন ক্ষুধার কষ্ট সহ্য করা, সহবাসের মজা থেকে বিরত থাকা। এগুলো নফসকে এমনেই কাবু করে ফেলে। অতএব গাফলতির সাথে রোযা রাখলেও নফসের প্রবলতা ও তীব্রতার উপর এর প্রভাব পড়ে। কিন্তু নামাযের প্রধান বিষয় হলো যিকির ও কুরআন তেলাওয়াত। এটা উদাসিনতার সাথে হলে তাকে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক ও কথোপকথন বলে আখ্যা দেওয়া যায় না। আর আল্লাহ তায়ালা এমন নামাযের প্রতি ভ্রুক্ষেপ করেন না, যা ইচ্ছা ও এরাদা ছাড়া হয়ে থাকে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ যে, নিজ নিজ শক্তি-সামর্থ অনুযায়ী পূর্ণ মনোযোগ ও ইখলাসের সাথে নামায পড়বে।