

ত্রয়োদশ শতাব্দির শেষের দিকে, ১২৯৯ সালের ২৭শে জুলাই, ওসমান গাজী সেলজুকদের পরাজিত করে নিজ বংশের শাসন চালু করেন একটি ছোট্ট জনপদে। তিনি জানতেন না যে, তিনি ইতিহাস গড়তে যাচ্ছেন এবং মানবিতিহাসের এক কিংবদন্তী নায়কে পরিণত হবেন। তার শাসন ক্ষমতা একদিন ইসলামের ইতিহাসে একটি গৌরবোজ্জল অধ্যায়ের সূচনা করবে, যা পরবর্তীতে তার বংশধরদের দ্বারা রাজনৈতিক, সামাজিক ও সামরিক দিক থেকে বিশ্বের এক বিস্ময়, ওসমানীয় সাম্রাজ্যে পরিণত হবে। চতুর্দশ শতাব্দির শুরু থেকে ছয় শতক ধরে গড়ে তোলা এই শাসনব্যবস্থা বিশ্বে ভূ-রাজনৈতিক, আদর্শিক, সামরিক ও সাংস্কৃতিক মানচিত্রকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। কামাল পাশা ১৯২৩ সালে ইসলামী খেলাফত বিলুপ্ত করে তুরস্ককে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করার পর, মাত্র ছয় বছরে ইসলামি মূল্যবোধগুলোকে ধ্বংস করে দেয়।