

দীর্ঘ দুর্গম পথ হাঁটতে গিয়ে হতক্লান্ত হয়ে পড়েছেন চল্লিশের কোঠায় পা রাখা বন্দি ব্যক্তিটি। শরীর ছেড়ে দিয়েছেন। নিঃশ্বাস নিচ্ছেন বুক দাবিয়ে। অসাড় শরীরটাকে টেনে নিতে যখন একেবারেই হাঁপিয়ে উঠলেন, তখনই দূরে আলোর দেখা পেলেন। এ যেন আলো নয়, বেঁচে থাকার এক টুকরো আশা! তিনি সেদিকে প্রাণপণে ছুটলেন। আলোর নিকটে পৌঁছাতে বোটকা গন্ধ পেলেন। সয়ে নিতে চেয়েও পারলেন না। পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। বমি ভাবটা গলায় এসে হারিয়ে যাচ্ছে। লুৎফর রহমান এই নতুন যন্ত্রণাকে উপেক্ষা করে আরও সামনে এগিয়ে গেলেন। আশাপাশে দেখার সময় নেই যেন। ঐ ঠিকরে বের হয়ে আসা দুর্বল আলোটাই তার কাছে স্বর্গ বোধ হলো। ওর ছোঁয়া পেলেই স্বস্তি। দোযখের যন্ত্রণা থেকে মুক্তি। জীবনের প্রিয় আস্বাদন! খুব কষ্টে দরজার মতো খোলা জায়গায় এসে দাঁড়ালেন তিনি। আলোটুকু মাখলেন সর্বশরীরে। প্রশান্তিতে চোখদুটো বুঁজে এলো। সেকেন্ড কয়েক পর চোখের পাতা মেলেই চমকালেন। বিস্ফারিত চোখে আবিষ্কার করলেন অসংখ্য উলঙ্গ পুরুষ শরীর। এক টুকরো সুতো নেই কোথাও। পা'দুটো দুইদিকে টান টানভাবে ছড়িয়ে উন্মুক্ত করে রেখেছে পুরুষাঙ্গ! স্বজাতের এমন দৃশ্যে লজ্জায় মুখ ফিরিয়ে নিলেন তিনি। সেই সময় তৃতীয়বারের মতো শক্ত ধাক্কা পড়ল পিঠে। এবার সামলে উঠতে পারলেন না। বেকায়দায় হুমড়ি খেয়ে পড়লেন মেঝেতে। হাত সামনে নিয়ে বাঁধা ছিল বিধায় শক্ত মেঝে ও শরীরের মাঝামাঝিতে পড়ে গেল আঙুলগুলো। মড়মড়ে শব্দে মচকে গেল বোধ হয়! নাক গেল থেতলে। তীব্র যন্ত্রণায় বুক চিঁড়ে আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। তন্মধ্যে একটি গলা পেল, "আমার ভাত নষ্ট করলি কেন?"