
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসুলুহিল কারিম। ঘনিয়ে এলো মাহে রমজান। আমলের বসন্ত, রুহের সতেজতা। দীর্ঘ এগারো মাসের পাপ-পঙ্কিলতা ধুয়েমুছে সাফ করতে আল্লাহ পাঠালেন ক্ষমার বাদল। হাদিসে মুমিনদের সতর্ক করা হয়েছে, যে রমজান পেল, কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, সে ধ্বংস হোক! তাই মাহে রমজানের নির্মাণ মুমিনের ক্ষমারই জন্য এবং তাকে বিশেষ রহমতের গোসলে উপযুক্ত বান্দা হিসেবে কবুল করার জন্য, তা চোখ বুজে বলে দেওয়া যায়। তাই মুমিন বান্দার সামনে রমজানের মাহাত্ম্য ও করণীয় তুলে ধরতে আমরা সংক্ষিপ্ত এই রচনা নিয়ে এসেছি। পুস্তিকাটিতে দুজন মহা মনীষী ইমামের দুটি প্রবন্ধ আলোচিত হয়েছে। প্রথম অধ্যায়ে ইমাম ইবনুল জাওযি রহ.-এর আলোচনা এসেছে, যা তার ‘আত-তাবসিরা’ গ্রন্থ থেকে চয়নকৃত, এবং দ্বিতীয় অধ্যায়ে ইমাম ইবনে রজব হাম্বলি রহ.-এর আলোচনা এসেছে, যা তার ‘লাতায়িফুল মাআরিফ’ গ্রন্থ থেকে চয়নকৃত। জ্ঞাতব্য যে, বৈষয়িক প্রাসঙ্গিকতা ধরে রাখতে মূল আলোচনার কিছু স্থান বিয়োজন করা হয়েছে এবং আলোচনা আরো বেশি স্পষ্ট করতে আমাদের পক্ষ থেকে বিভিন্ন শিরোনাম যোগ করা হয়েছে। আলোচনা দুটি আমাদের রমজানকে সতেজ, প্রাণবন্ত ও অর্থবহ করতে সীমাহীন উপকারে আসবে ইনশাল্লাহ।