
“শেষ বিকেলের আলো এসে পড়ছে নদীর জলে। পশ্চিম দিগন্ত ক্রমশ বর্ণসমারোহে তার বিদায়ী রূপ ধারণ করছে। নদীর জলে স্বর্ণবর্ণের যে আলো এসে পড়ছে, দুয়েকটা পানসীর মন্দ আসা-যাওয়ায় সে আলোর অনবচ্ছিন্ন চিত্র ক্ষুণ্ণ হয়ে অমূল্য হীরকের মতো চকচক করে উঠছে। সেই অপরূপ রূপময় দৃশ্যের পানে চক্ষু নিবদ্ধ করে অনুপম নদীর পারে ঘাসের ওপর বসে আছে। তার মনের দৃষ্টি কোথায় কোনখানে নিবদ্ধ—সেই খবর কারো জানার প্রয়োজন আছে কি না!” একটি প্রত্যন্ত গ্রামের নিস্তব্ধ নদীতীর, হেমন্তের কনে-দেখা আলো, আর সেই আলো-ছায়ার ভেতরে মানুষের মনের অদৃশ্য টানাপোড়েন—এসবকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘সমাপন’। গল্পের নায়ক অনুপম—এক অন্তর্মুখী তরুণ, যার জগৎ সীমাবদ্ধ প্রকৃতি, নীরবতা আর নিজের না-বলা ভাবনায়। আর তন্বী—শহুরে এক শিল্পমনস্ক মেয়ে, যে ছবি তুলতে ভালোবাসে; অথচ রং, রেখা আর ফ্রেমের বাইরে গিয়ে অনুভূতির গভীরতাকে ছুঁতে চায়।