

ঘড়ির কাঁটায় রাত পৌনে একটায় আননোন নম্বরের ইনকামিং কল দেখে ফোন ধরা হাতটাই কেঁপে উঠল আমার। আমি যেন জানতাম ফোনের ওপাশে কে আছে, কী উদ্দেশ্যে ফোন দিয়েছে সে। রিসিভ করব না বলে নিজেকে ধমকাতে চেয়েও শেষ মুহূর্তে রিসিভ করে ফেললাম। আর তারপরেই কান ভরিয়ে দেওয়া মিহি কণ্ঠের কান্নার ঢেউ সরিয়ে কোনোরকমে উঁকি দিল রাক্ষসের বলা তিনটি শব্দ— -- উই নিড ইউ। ব্যাস, আরও একবার ভেসে গেল রুমু। ভেসে গেল তার প্রতিজ্ঞা, রাগ, কষ্ট, অভিমান, অপমান—সব; সব। জানে না সে কী করে বের হবে মধ্যরাতে হল থেকে, ক্লান্ত, পরিশ্রান্ত শরীর নিয়ে; কিন্তু তাকে বের হতে হবেই যেকোনো মূল্যে। যেন তার যাওয়া-না-যাওয়ার ওপর আটকে আছে গোটা দুটি জীবন। হ্যাঁ, দুটি জীবন।