

অনাকাঙ্ক্ষিতভাবে একে অপরের জীবনে এসে জড়িয়ে পড়ে নীরব ও নীতি। দুষ্টু-মিষ্টি খুনসুটি, একরাশ অভিমান, দীর্ঘ অপেক্ষা আর অগোছালো ভালোবাসার টুকরো টুকরো মুহূর্তে ধীরে ধীরে গড়ে ওঠে তাদের ছোট্ট সংসার। কিন্তু একজন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তার জীবন কখনোই নিশ্চিন্ত নয়। দেশের প্রতি করা শপথের কাছে ব্যক্তিগত সুখ-দুঃখ, ভালোবাসা কিংবা অপেক্ষা—সবকিছুকেই বারবার ছাপিয়ে যেতে হয়। দায়িত্বের আহ্বানে ছুটে যেতে হয় দূর-দুরান্তে। আর পেছনে পড়ে থাকে প্রিয় মানুষগুলোর দীর্ঘ প্রতীক্ষা, অস্থিরতা আর অগণিত না-বলা দোয়া। এই বাস্তবতার মাঝেই ভালোবাসতে শিখেছে লেফটেন্যান্ট নীরব সাফওয়ান এবং তার চিরচঞ্চল নীতিপ্রিয়া। তাদের গল্পে যেমন আছে হাসি, তেমনি আছে দায়িত্বের কঠিন বাস্তবতা; যেমন আছে একে অপরকে আগলে রাখার নিঃশব্দ প্রতিশ্রুতি, তেমনি আছে বিচ্ছেদের আশঙ্কাও। তবে প্রশ্ন থেকেই যায়—বাচাল নীতিপ্রিয়ার অবিরাম বকবকানির ভিড়ে নীরব সাফওয়ানের কান দুটো শেষ পর্যন্ত আদৌ টিকে ছিল তো?