
একটি পুরোনো জমিদারবাড়ি। চার কোণে ছড়িয়ে থাকা চারটি মঠ, যার দুইটি ইতোমধ্যে ধ্বংসপ্রাপ্ত। আর বহু প্রজন্ম ধরে চলে আসা এক অদ্ভুত লোককথা -- প্রয়োজনে মন্দিরের বিষ্ণুমূর্তি নাকি নিজেই নিজেকে রক্ষা করেন। কয়েক বছর বিদেশে কাটিয়ে নিজের গ্রামে বড় ভাইয়ের বিয়েতে ফিরে আসে নিঝুম। বিয়েবাড়ির ব্যস্ততা, পুরোনো বাড়িঘর আর গ্রামের হারিয়ে যেতে বসা ঐতিহ্যের মাঝেই তার পরিচয় হয় মধুমিতার সঙ্গে যার অদ্ভুত টান ইতিহাস, পুরোনো স্থাপত্য আর অজানা অতীতের প্রতি। প্রথমে তাদের সম্পর্কটা ছিল সাধারণ পরিচয়ের গণ্ডিতে আবদ্ধ। কিন্তু মধুমিতার অস্বাভাবিক কৌতূহল নিঝুমকে ধীরে ধীরে টেনে নেয় অন্য এক জগতে। একে একে সামনে আসতে থাকে অদ্ভুত সব প্রশ্ন! চারটি পদ্মমঠ কি সত্যিই কোনো অজানা সংকেতব্যবস্থার অংশ ছিল? মন্দিরের বিষ্ণুমূর্তিকে ঘিরে প্রচলিত লোককথার আড়ালে কি লুকিয়ে আছে কোনো ঐতিহাসিক সত্য? পুনরাবৃত্ত প্রতীক, পুরোনো স্থাপত্য, রহস্যময় চিহ্ন এবং বহুদিনের হারিয়ে যাওয়া ইতিহাস সবকিছু কি একই সূত্রে বাঁধা? নিঝুম ও মধুমিতা উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারে, এই রহস্য শুধু একটি পুরোনো মঠ বা একটি হারিয়ে যাওয়া সম্পদের নয়। লোককথা থেকে ইতিহাসে, ইতিহাস থেকে প্রত্নতত্ত্বে, আর প্রত্নতত্ত্ব থেকে এমন এক গোপন সত্যে পৌঁছায় তারা, যা বদলে দিতে পারে তাদের জানা অতীতের ধারণা। এই অনুসন্ধানের মাঝে নিঝুম - মধুমিতার সম্পর্কও রূপ পালটায়। প্রেম, একটি পুরোনো বাড়ি, চারটি পদ্মমঠ এবং কয়েক শতাব্দী ধরে চাপা পড়ে থাকা এক রহস্য ‘উত্তর’-- সেই অনুসন্ধানের গল্প, যেখানে ভালোবাসার পথ ধরে হাঁটতে হাঁটতেই দুই তরুণ-তরুণী পৌঁছে যায় ইতিহাসের এক বন্ধ দরজার সামনে।
