

বয়স তো কম হলো না, একেবারে ছত্রিশ থেকে সাইত্রিশে পড়বে। তাও তো একটা বাচ্চা দিতে পারলে না, বলি আর কত দিন গেলে তোমার বাচ্চা হবে, নাকি শেষমেশ আমার স্বামী-সন্তানের কোটি কোটি টাকার সম্পত্তি অনাথ আশ্রমে যাবে বলো... রেনু বেগম তার বৌমা ইরার উদ্দেশ্যে কথাগুলো বললেন। ইরা সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গায়ের রং ধবধবে সাদা, ছিমছাম গঠনের, পরনে দামি মেরুন রঙের সুতির শাড়ি, চুলগুলো খোঁপা করে রাখা রয়েছে তার। ইরার চোখ দুটো ছলছল করে উঠল। এই মানুষটা তাকে একদিন তার বাপ-চাচাদের কাছ থেকে নিয়ে এসেছিল কত হাতজোড় করে, আর আজকে বাচ্চা হচ্ছে না তাই যা-তা করে কথা বলে!