
বইটি মূলত ওয়াহাবিজমের ওপর লেখকের সাড়ে তিন ঘণ্টার একটি ইউটিউব ডকুমেন্টারির বাংলায়ন। লেখক এখানে একেবারে শুরু থেকে আমাদের দেখিয়েছেন, কোন মূলমন্ত্রকে আঁকড়ে ধরে ওয়াহাবিজমের যাত্রা শুরু হয়েছে, কীভাবে তা বিকশিত হয়েছে এবং এর চর্চার দরুন একশ্রেণির মুসলিমদের মাঝে কীরূপ প্রবণতা জন্ম নিয়েছে। ওয়াহাবিজমের ওপর একটি সার্বিক ধারণা পেতে এবং এর স্বরূপ ও প্রকৃতি বুঝতে ডকুমেন্টারিটি বেশ কাজের। ড্যানিয়েল যেভাবে ওয়াহাবি মস্তিষ্ককে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পাঠ করেছেন, তা একক কোনো বই পড়ে বোঝা সহজ হতো না। কাউকে পাঠ করা ও তাঁর বিষয়ে কোনো সিদ্ধান্তে আসার একটি সেরা উপায় হলো, তাঁর কথা ও কাজকে বিচ্ছিন্ন না করে সমন্বিতভাবে পাঠ করা। এককথায়, কথার সঙ্গে কাজ মিলিয়ে দেখা। তিনি নিজে যা বলছেন, তা নিজেই কীভাবে বুঝছেন ও প্রয়োগ করছেন, তার তদন্তের মধ্য দিয়ে আমরা কাউকে যথেষ্ট নিখুঁতভাবে পাঠ করতে পারি। আমাদের মনে হয়েছে, ড্যানিয়েল কাজটি বেশ ভালোভাবে করতে পেরেছেন।