

' ভয় লাগছে? ' ' এই অনুভূতির নাম আমি জানি না। ' ' আমি জানি! ' ' কী? ' ' এখন বলবো না। ' ' কখন বলবেন ? ' ' তুমি করে বললে! ' ' এটা শর্ত? ' ' বলতে পারেন! ' ' হাত ছাড়ুন। নিচে যাবো। ' ' আপনার শক্তি নেই ? হাত ছাড়িয়ে নিয়ে যান। ' আমি যত হাত ছাড়াতে চাই উনি তত শক্ত করে ধরেন। ' আমার হাতে ব্যথা লাগছে। ' ' লাগুক। ' ' কী চাচ্ছেন বলুন! ' ' আগে জিজ্ঞাসাটা সুন্দর করে করুন। তারপর বলবো। ' ' আপনি নিজেই আমাকে আপনি করে বলছেন। আবার, আমার কাছ থেকে তুমি শুনতে চাচ্ছেন! ' ' ওহ! এই কথা? ' ' জ্বি! ' ' আমাকে বিয়ে করবে? ' প্রশ্ন শুনে আমি চমকে উঠলাম। রবিকে আমার খুব ভালো লাগে। মনে মনে রবি বলে ডাকি আর সবার সামনে রবি ভাইয়া বলে ডাকি। রবি আপুর দেবর। মিশুক, ভাবুক, বোহেমিয়ান, খামখেয়ালিপনা, কখনো কখনো সিরিয়াস দায়িত্ববান এবং কখনো কখনো একদম দায়িত্বজ্ঞানহীন এই ধরণের আরো যত বিশেষণ আছে সব উনার সাথে পারফেক্টলি যায়। তবুও তার মাঝে কী যেন একটা আছে যা আমার চোখ এড়ায়নি। সেই কী যেন একটা আমাকে বেশ মুগ্ধ করেছে। আমার সেই মুগ্ধতা রবির চোখও এড়ায়নি। ঠিক বুঝতে পেরেছে আমি কোথাও তার কিছু একটার মাঝে আটকে গিয়েছি।