

আমি যখন সেই বাড়ি থেকে বের হতে যাবো তখন দেখি মৌ একপাশে দাঁড়িয়ে আছে। এটা মৌদের বাড়ি আমার জানা ছিলো না। আর এই ভদ্রলোক সম্পর্কে মৌয়ের কী হয় সেটাও জানি না। যদিও আমরা এক ক্লাসে পড়ি কিন্তু মৌয়ের সাথে আমার কখনো কথা হয়নি। কারণ এই মেয়ে আমাকে কলেজের প্রথমদিন থেকেই অপছন্দ এবং এভোয়েড দুইটাই করে আসছে। মৌ আমাকে পিছন থেকে ডাকলো। আমি ফিরে তাকালে সে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিলো। আমি কিছুটা ভয় পেলাম এবং আশেপাশে তাকালাম কেউ দেখেছে কিনা নিশ্চিত হওয়ার জন্য। সবাই ওই বয়স্ক ভদ্রলোককে নিয়ে আপাতত ব্যস্ত আছে। কেউ এইদিকে খেয়াল করেনি। আমি কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না। জাস্ট বাড়ির সীমানাটা পার হয়ে চিরকুটটা খুলে পড়তে শুরু করলাম। চিরকুটে তেমন কিছুই লেখা নেই। শুধু ' ধন্যবাদ ' লেখা। চিরকুট পেয়ে যতটা উত্তেজিত হয়েছিলাম শুধুমাত্র ধন্যবাদ লেখা দেখে ততটাই চুপসে গেলাম। মনে মনে নিজের বোকামির জন্য হাসলাম! নিজে নিজেকে মনে মনে একটু বকাও দিলাম। মনকে বললাম, 'কী ভেবেছিলে ? মৌ তোমাকে প্রেমপত্র দিবে ?'