

অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে “ঝিক ঝিক ঝিক ঝিক” এগিয়ে চলেছে ট্রেনটি। ঘড়িতে সময় দেখলাম রাত ১২টা। শহরের হিসেবে তেমন কোনো রাত নয়! মানুষগুলো দিনের ব্যস্ততা শেষে এই সময় এসে সোশ্যাল মিডিয়াতে হানা দেয়। কিন্তু যমুনা পাড়ে বাস করে সব খেটে খাওয়া মানুষ, তারা সোশ্যাল মিডিয়া বোঝে না। পরিশ্রান্ত দেহে তারা ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। ট্রেন চলছে বিরামহীন, উদ্দেশ্য সিরাজগঞ্জ। দীর্ঘ পথযাত্রায় ক্লান্ত- অবসন্ন। তারপরও মুখে ধরে রেখেছি এক টুকরো হাসি। বাড়ি যাচ্ছি ঈদের ছুটিতে। প্রায় এক বছর পর সব প্রিয় মুখগুলির সাথে দেখা হবে আবার। এদিকে একঘেয়ে ট্রেনের শব্দে কেমন যেন ঘুম ঘুম লাগছে। চিন্তার ডালপালা গজিয়ে ছড়িয়ে গেছে বহুদূর। আর মানসিক পরিতাপ না বাড়িয়ে ঘুমিয়ে পড়াই শ্রেয়! ঘুম… অন্তহীন ঘুম…