

এ জগতে প্রধানত দুই শ্রেণীর লোক বা মানুষ বাস করে। এর একটি ভোগী। তারা লোকস্তরের। অন্যটি ত্যাগী বা যোগী বা সাধক। তারা লোকের ঊর্ধ্বে লোকান্তরে। তারাই মানুষ। লোকেরা পৃথিবীকে তথা অসংখ্য বিষয়রাশিকে ভোগ করে বিভিন্নভাবে। ভোগে তন্ময় হয়ে থাকে তারা। এর অসারতা সম্পর্কে তারা জ্ঞাত হতে ইচ্ছাও করে না। কুকুর যেমন মরা গরুর শুকনো হাড্ডি নিয়ে চোয়ালে সাধিয়ে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে চিবোতে থাকে, চিবোতে চিবোতে মুখের কিনার ফেটে গিয়ে সেখান থেকে রক্ত ঝরে তার; তবু সে চিবানো বন্ধ করে না। শুকনো হাড্ডির আপাত মধুর যাদুকরী স্বাদটাই তার আকর্ষণ; এর অসারতা এবং উপরন্তু এর ক্ষতি বা যন্ত্রণাটা দেখবার দৃষ্টি বা সচেতনতা তার নেই। বিষয়ের মোহিনী রূপে ও এর আপাত মাধুর্যে তারা বন্দী ও ডুবন্ত। এর effect অথবা ভোগের ভোগান্তি, result বা প্রায়শ্চিত্ত সম্বন্ধে তারা অবচেতন। ভোগ করলে তার ভোগান্তি আছে, এই স্বতঃসিদ্ধ নিয়মটি তারা মেনে নিতে চায় না। লোকেরা বুঝতে না চাইলে কি হবে বিশ্বের বিধান বড় নিষ্ঠুর। সে তার আপন অমোঘ নিয়মে চলবে। এখানে আগুন খাইলে বাহ্য হিসেবে অঙ্গার আসবেই। ক্ষমা নেই। ক্ষমা কোন কালেও ছিল না। কোন কালেও থাকবে না।