

অনেকদিন থেকে লক্ষ করছি কিছু মানুষ সবধরনের লেখা পড়ে। তবে পড়ার ব্যাপারে মানুষের আগ্রহের ঘাটতি সব সময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রকৃত পাঠকের সংখ্যা সর্বকালেই অনুল্লেখযোগ্য ছিল। কারণ পাঠক নানা ধরনের হয়। একশ্রেণির পাঠক আছেন, তারা কেবল লেখা দেখেন আর বইয়ের নাম পড়েন। এদের অন্দরমহলে প্রবেশের ব্যাকুলতা থাকে না। তারা নতুন লেখককে খানিকটা তাচ্ছিল্যও করে থাকেন। লেখার সারবস্তু সম্পর্কে এদের এমন অন্যমনস্কতা ও উদাসীনতা সর্বযুগের। কিছু কিছু পাঠক একদম অমনোযোগী। তারা পড়েন, তবে মনোনিবেশ অন্যত্র। এক্ষেত্রে তারা পাখির চোখে দেখার মতো লেখার বিন্যাস, চরিত্র বা ধরন ইত্যাদিতে দ্রুত গমন করেন। ধরে নেন, লেখক নতুন, অপরিচিত কিন্তু তার বিষয় নির্বাচন ভালো; লেখার হাতও মন্দ নয়। শব্দকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম বা শব্দের পায়ে বেড়ি দিয়ে নিজের গন্তব্যের দিকে নিয়ে যেতে পারেন। কেবল এমন বিবেচনায় এদের হাতে লেখাটি সামান্য সময়ের জন্য হলেও গুরুত্ব পায়।