

তাকে আমি ডাকি ঘোড়া ভাই। তার মুখটা সাধারণের চেয়ে একটু লম্বাটে। চোখ কুতকুতে। গায়ের রং ধবধবে সাদা, এতটাই যে ভালো মনের মানুষরা বিদেশি ভেবে ইংরেজিতে ইংরেজের সাথে কথা বলার সুখ পেতে চায়। মন্দ মনের মানুষেরা শ্বেতী ভেবে একটু সরে বসে। সে আমার চাচাতো বোনের হাজব্যান্ড। আমার চাচাতো বোন হীরা এতটাই কালো যে রবীন্দ্র যুগে জন্মলাভ করলে রবীন্দ্রনাথ যে তাকে দেখেই কৃষ্ণকলী গানটি লিখেছেন তা নিয়ে পরবর্তীকালে বিশ্বভারতী থেকে পক্ষে-বিপক্ষে পনেরো-বিশটা থিসিস লেখা হতো। দুজনের কঠিন প্রেমের বিয়ে। অথচ এমন হওয়ার কথা না। হীরা আপা কলেজ পর্যন্ত জামালপুরে পড়াশোনা করেছেন, তারপর ইডেনে ভর্তি হন। হলে থাকতেন। ইডেন থেকে একদিন নিউমার্কেটে কিছু কেনাকাটা করে বেবিট্যাক্সি নিয়ে আমাদের বাসায় আসছিলেন। ঘোড়া ভাই নিউমার্কেটের গেটে হীরা আপাকে দেখেন আর তার মনে হয় এই তার স্বপ্নে দেখা রাজকন্যা।