

আমি একটা কাহিনী লিখতে বসেছি। একটা অথবা অনেকগুলো কাহিনী। একার অথবা কয়েকজনের কাহিনী। অসংখ্যবার শোনা বা একেবারেই যাকে বলে অশ্রুতপূর্ব কথা শোনাতে এসেছি- হে হে হে এ কাহিনী অমৃতসমান, নন্দ ঘোষ ভনে শুনে পুণ্যবান। আমি কাশীরাম দাস নই আমি নন্দ ঘোষ। শুধু আমি না আপনিও নন্দ- নন্দ ঘোষ, আপনি ও আপনার পিতা ঘোষ এন্ড ঘোষ সন্স, আপনি ও আপনার পিতা ঘোষ এন্ড ঘোষ গ্র্যান্ড সন্স। দুনিয়ায় এত কিছু করার থাকতে আপনিই বা কেন পড়ছেন এটা? সে যাক, আপনি নিশ্চয়ই একজন পৃষ্ঠপোষক মহাপুরুষ-যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই।