

কেমন আছো ইন্দ্রনীল? অনেক দিন দেখা নেই। কাল হঠাৎ মধুমিতার সঙ্গে পল্লবীতে দেখা। ভাবলাম, তোমার ঠিকানা নিয়ে আড়াল করে রাখা তোমার পুরোনো বাগানটা একটু তছনছ করে দিই। আমাকে মনে পড়ে ইন্দ্রনীল? আমার খুব মনে পড়ে। বহুবার, বহু দিন, বহু বসন্তে তোমাকে মনে পড়েছে। তুমি কি এখনো পেটের ব্যথায় কাঁতরাও? এখনো কি সেই মনভোলাই আছো? রাতে খেতে ভুলে যাও? মনে আছে ইন্দ্রনীল, এক চাদরে জড়াজড়ি করে শীতের সন্ধ্যায় আমরা কফি খেতে যেতাম আর এক কাপ কফি ভাগ করে খেতাম? মনে আছে তোমার, ভোরের আলো ফোটার আগেই চুপিসারে দীপিকাদের গাছের তলে বিছিয়ে থাকা শিউলি ফুলগুলো কুড়িয়ে তোমার জানালার পাশে রেখে আসতাম? ল্যাম্পপোস্টের আলোয় জ্যোৎস্না ছুঁতে না পারায় দুজন মিলে দূরের কোনো আঁধারের খোঁজে হেঁটে বেড়াতাম।