

রাত যত গভীর হতে থাকে; ততই স্বপ্ননারীর কথা মনে হতে থাকে। এটা কীভাবে সম্ভব? স্বপ্ননারীর প্রতি এত মায়া জন্মে গেছে যে, তাকে ভোলা সম্ভব হচ্ছে না। যে যা-ই বলুক না কেন, আমার মনে হয় সে আছে। আমার বিশ্বাস, সে আমাকে অবশ্যই দেখা দেবে। স্বপ্নে সে আমাকে যা যা বলেছে তাই করেছে। যদি সেগুলো সত্য হয়ে থাকে তবে তার আসাটাও সত্যি হবে। তার প্রতি আমার এ বিশ্বাস অবশ্যই আছে। আমার মন বলছে সে আসবেই। কিন্তু তার কথা আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না। কে বিশ্বাস করল আর না করল তাতে কী আসে-যায়। এটার শেষ অবশ্যই আমাকে দেখতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না। এভাবে দ্বিধা-দ্বন্দ্বে আর কত দিন থাকব। এভাবে কি বেঁচে থাকা যায়? বুঝতে পারি না কী থেকে কী করব। আসলে আমি পাগল হয়ে যাব। হে সৃষ্টিকর্তা, তুমিই বলো আমি কী করব। স্বপ্ননারী আমার জীবেন এসে জীবনটা যেমন ঠিক করে দিয়েছিল, আবার সেই আমার জীবনটা এলোমেলো করে দিল। এভাবে একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। কেন তুমি স্বপ্নে এসেছিলে আমার জীবনে? আবার কেন চলে গেলে আমাকে একা রেখে? তোমার কথা আমি কাউকে বিশ্বাস করাতে পারি না। আমার কথা কেন আশপাশে যারা আছে তারা বোঝে না? স্বপ্ননারীর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম।