

জিতু দোকানে বসে পত্রিকা পড়ছে। এমন সময় মোবাইল বেজে উঠল। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করল। দেখল মৌমিতার ফোন। -হ্যালো, কেমন আছ মৌমিতা? -ভালো, তুমি? -আমিও ভালো। -সৈয়দের মুখে শুনলাম তুমি নাকি আমাকে কী বলতে চাও। -হ্যাঁ। -বলো। জিতুর সংকোচ লাগছে তবু মনে জোর এনে বলে ফেলল, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে মৌমিতা কেঁপে উঠল। ফোনের এ প্রান্ত থেকে জিতুর তাই মনে হলো। এই কথা শুনে মৌমিতা কিছুক্ষণ চুপ করে রইল। জিতুও চুপ করে রইল। নীরবতা ভাঙল মৌমিতা। কথাটা হজম করে বলল, ও এই কথা। তা হঠাৎ আমাকে ভালোবাসতে গেলে কেন? -হঠাৎ না। তোমাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। যখন থেকে ভালোবাসা কী বুঝতে শিখেছি তখন থেকে ভালোবাসি। কখনো তোমাকে বলা হয়নি। ভেবেছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করে নিই। তারপর তোমাকে প্রপোজ করব। -আচ্ছা জিতু তুমি এত সুন্দর একটা ছেলে বেছে বেছে আমার মতো পচা একটা মেয়েকে ভালোবাসতে গেলে কেন? -ছি, এভাবে বলো না। তোমার মতো সুন্দর, ভালো মেয়ে আমি একটাও দেখিনি। -ওমা তাই! হ্যাঁ। -শোন জিতু, তোমার সাথে আমি বন্ধুত্ব রাখব। কিন্তু ভালোবাসতে পারব কি না জানি না। তুমি অনেক দেরি করে ফেলেছ। -কীরকম দেরি? -তুমি জানো কি না জানি না। আমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখা হচ্ছে। দুইবার বিয়ে ঠিক হতে হতে হয়নি। আচ্ছা আমার বিয়ে হয়ে গেলে তুমি কী করতে?