

কুমিল্লা জিলা স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হই ১৯৫৯ সালের জানুয়ারি মাসে। তখন থেকেই শিক্ষকদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হই। ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলাম, প্রথম হয়েছিলাম পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায়ও। ধুলায় ধূসরিত খালি পায়ে তিন মাইল হেঁটে গ্রাম থেকে স্কুলে যেতাম, এবং যেতাম রীতিমতো। পাঁচ বছরে সর্বসাকুল্যে পাঁচ দিনের বেশি স্কুল কামাই হয়েছিল বলে মনে পড়ে না। সবগুলি কারণ মিলে আমাকে স্নেহধন্য করেছিল শিক্ষকদের। ওপরের শ্রেণিতে যতই ওঠেছি, ততই কাছে এসেছি তাঁদের। ১৯৬৪ সালে স্কুল ত্যাগ করার সময় অনেক কাছাকাছি ছিলাম কয়েকজন শিক্ষকের। তাঁদের মধ্যে ছিলেন জনাব আবদুর রহমান, জনাব এম আবদুল্লাহ, জনাব নূর আহমদ খান ও জনাব জয়নাল আবেদীন।