

আহমদ শরীফের পঞ্চম বক্তব্যটি হলো : নজরুল ইসলাম 'বাহুবল, মনোবল আর সশস্ত্র লড়াইকেই অভীষ্ট সিদ্ধির ও সাফল্যের উপায় বলে জেনেছেন, মেনেছেন। সেদিক দিয়ে কবির চিন্তা-চেতনা নিতান্ত স্থুলমাত্রার ও একান্ত শারীর মানের এবং নেহাত সংকীর্ণ সড়কেই প্রবহমান।' তিনি বলেছেন, 'এই কারণেই কবি পরিবেশিত উত্তেজক ও উদ্দীপক বাণীর আবেদন স্রোতা-পাঠকের বুকে আবেগ উচ্ছ্বাসই সাময়িকভাবে তরঙ্গায়িত করে-চিত্তের গভীরে প্রোথিত হয় না।' তিনি আরও বলেছেন, 'এ আবেদন, এ উচ্চারিত রণহুংকার, এ প্রণোদনবাক্যে বুদ্ধিবৃত্তিক কিংবা মননজাত পথ-পদ্ধতির কোন সংলগ্নতা নেই।' এবং শেষ সিদ্ধান্ত দিয়েছেন এইভাবে-'অর্থাৎ কবি গায়ের জোর ও আবেগপ্রসূত আস্ফালন-সম্বল আন্দোলনে আর সংগ্রামে আস্থা রাখেন, নীতি-নিয়ম-কৌশলের কিংবা পথ-পদ্ধতির সূক্ষ্ণতার কোন গুরুত্ব চিন্তাও করেন না।'