

চপলদের বাসার সামনে এসে সিএনজির ভাড়া চুকিয়ে সদর দরজাটা খুলতেই কে যেন মাথার মধ্যে বলে উঠলো ‘মহা বিপদ সামনে, পালাও, এখনি পালাও’। ড. সেন তবুও বাসায় ঢুকলেন। দোতলার সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই পৈশাচিক কণ্ঠের হাসিটা শুনতে পেলেন। ভারী পুরুষালী কণ্ঠস্বর। হাসিটার মধ্যে এক রকমের তীক্ষ্ণতা আছে, মেরুদন্ড শীতল করে দেয়। ড. সেন ঘরে ঢুকে দেখেন চপল মাথায় এক হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে অন্য হাতে মুন্নির বুকটা চাপ দিয়ে ধরে রেখেছেন, তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। উপল আর পারভিন মিলে আতঙ্কিত মুখে বিছানার সাথে মুন্নির হাত আর পা চেপে ধরে আছে। আর মুন্নি অপ্রাকৃতিক হাসি মুখে দরজার দিকে তাকিয়ে আছে। ড. সেনকে দেখেই মুন্নি বলে উঠলো ‘থা পেতানেস মি তনত্রপো পো স্কোতসেস তি গাইনাকাসো(তোকে ও সেভাবে মারব যেভাবে তোর বউকে মেরেছিলাম)। তারপর অগাধ মমতায় আঁকরে রাখা শাশুড়ির দিকে তাকিয়ে বললো চুপকর হারামি নাটক করস তোর দোয়ায় কিচ্ছু হবে না। বলেই পুরুষের কণ্ঠে অট্টহাসি দিল...