

অনেক বছর আগে, বোধ হয় ১৯৩৪-৩১ সালে, সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় 'জীবনশিল্পী রবীন্দ্রনাথ' নামে একটা প্রবন্ধ লিখেছিলেন। তার পর থেকে আজ পর্যন্ত অনেকেই রবীন্দ্রনাথ সম্পর্কে ওই জীবনশিল্পী কথাটা বলে আসছেন। কিন্তু কী মানে কথাটার? একজন ভাস্কর যেমন একটু একটু করে অত্যন্ত যত্নের সঙ্গে অত্যন্ত নিষ্ঠা আর মনোযোগের সঙ্গে মূর্তি তৈরি করেন, রবীন্দ্রনাথও তেমনি সারা জীবন ধরে অনেক যত্ন ধৈর্য আর নিষ্ঠার সঙ্গে তৈরি করেছেন নিজের জীবনটাকেই। সকলে পারে না। বেশির ভাগ লোকই পারে না তা। রবীন্দ্রনাথ সেই অতি কঠিন কাজটাই পেরেছেন। সেজন্যেই তার সম্পর্কে ওই জীবনশিল্পী কথাটা পুরোপুরি সত্যি। এবার তবে দেখা দরকার কিভাবে রবীন্দ্রনাথ তার নিজের জীবনকে গড়েছিলেন একজন যথার্থ শিল্পীর মতো। তাহলেই আমরা বুঝতে পারব কেন অন্নদাশঙ্কর রায় রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছিলেন ওই কথাটা।