

নাহিদের বাসায় কত বছর ধরে যে কায়সার যায় না, আজ সেখানে যেতে চেয়ে সেটাই প্রথম মনে হলো। জগতে এই একটা জায়গাই বাকি রয়ে গেছে, যার সাথে বর্তমান কষ্টটা নিয়ে অন্তত আলাপ করে একটু শান্তি পেতে পারে। নাহিদ। ওর রুমটাতে পৌঁছে মনে হলো, বছর বছর আগে যে ঘরে নাহিদকে দেখে গেছে, সেটা ওরকমই আছে। ঠিক ছোটবেলার মতো করে ওর বিছানায় পা তুলে গা এলিয়ে বসল কায়সার। আজ কায়সারের মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না নাহিদ। কায়সার নীরবতা ভেঙে বলল, 'দোস্ত, কখনো তো তোর কাছে কিছু চাই নি। কিছু একটা কর। কিছু একটা কর দোস্ত। আম্মার জন্য কিছু না করতে পারলে নিজেকে নিজে সারাজীবনও আর ক্ষমা করতে পারব না।'