
তিনদিন আগে বিয়ে হয়েছে সুমির। বিয়ের দিনই শ্বশুরবাড়িতে পা রেখেছে। বিয়ের পরদিন বড় মামা কী একটি জরুরি কাজের কথা বলে সুমি এবং তাঁর স্বামীকে নিয়ে আসে। বৌভাত এখনো হয়নি , আদৌ হবে কিনা সেটাও কেউ জানে না। বাপ - মা মরা মেয়েদের বেশি সাধ-আহ্লাদ থাকতে নেই। সুমির অবশ্য তেমন কোনো সাধ -আহ্লাদ নেইও। জ্ঞান - বুদ্ধি হওয়ার পর থেকে না পেতে পেতে পাওয়ার ইচ্ছেটা হারিয়ে গিয়েছে। আজ সকালে সুমি এবং তাঁর স্বামীর ফিরে যাওয়ার কথা ছিলো। ভোরে সুমির স্বামী বড় মামার সাথে বের হয়েছেন। এখনো ফেরেননি। কখন রওয়ানা দিবে সেটা জানতে সুমির শাশুড়ি তাঁর স্বামীকে কল দিয়েছিলেন; কিন্তু তিনি কল তুলছেন না। পরপর কয়েকবার কল দেওয়ার পরেও কল না তুললে সুমির শাশুড়ি সুমিকে কল দেন এবং বলেন ১০মিনিটের মধ্যে তাঁকে আপডেট জানাতে। শাশুড়ির কথা বলার ধরণে এক অদ্ভুত ঝাঁজ ছিলো; এখন সেটা রাগের নাকি বিরক্তির সেটা সুমি জানে না। সুমি খুব ভয় পাচ্ছে, এমনি মেয়েটার ভাগ্য তেমন ভালো না। জন্মের সময় মা মারা গিয়েছেন। তারপর...