

আবদুল্লাহ ইবনে উমর রাযি.। দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাবের (রাযি.) বড় ছেলে। শৈশবেই ইসলাম গ্রহণ করে পিতার সঙ্গে মদিনায় পাড়ি জমান। মসজিদে নববিতে সরাসরি নবীজির সান্নিধ্যে থেকে জ্ঞানার্জনে ব্যুৎপত্তি অর্জন করেন। পরবর্তীতে সেই জ্ঞানের আলোচ্ছটা ছড়িয়ে দেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। হাদিস ও ফিকাহশাস্ত্রে আজও তাঁর অবদান অবিস্মরণীয়। হাদিস বর্ণনায় সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরায়রা রাযি.-এর পরেই তাঁর স্থান। নবীজির কাছ থেকে তাঁর বর্ণিত মোট হাদিস হচ্ছে ২৬৩০টি।