

রাত থেকেই ২৮ নম্বর বেডের পাগলটা জ্বালাচ্ছে, একেবারে বিরক্ত করে ফেলছে। এ হয়েছে এক জ্বালা। সারারাত দায়িত্ব পালন করেও শান্তি পাচ্ছে না মানসিক হাসপাতাল, পাবনা-এর পুরুষ ওয়ার্ডে দায়িত্বরত ওয়ার্ড ব্রাদার আবুল কালাম। ডাক্তারগণ রোগীদের সকল নির্দেশনা তার উপর ন্যাস্ত করে দিয়ে চলে যান, সকাল ১০টা পর্যন্ত পুনরায় কর্তব্যরত ডাক্তারগণ না আসা পর্যন্ত তার ডিউটি শেষ হবে না। এর মধ্যেই তাকে হজম করতে হবে মানসিক বিকারগ্রস্থ রোগীদের সকল অত্যাচার। দুই কদম এগোতেই ২৮ নম্বরের মানসিক রোগী চিৎকার করে বলে উঠল, 'আমি পাগল না! আমাকে মারবেন না। প্লিজ ঘুমের ইনজেকশন দেবেন না। আমি আর ঘুমাতে চাই না। জীবনটা উপভোগ করতে চাই! আমাকে ছেড়ে দিন, আমি কাউকে বিরক্ত করব না। খোলা আকাশে নদীর কিনার ধরে হাঁটব একা একা, আমাকে একা থাকতে দিন।'