

বিসমিল্লাহির্ রাহমানির্ রাহীম্। মহান আল্লাহ্ তা‘আলার প্রতি লাখ লাখ শুকরিয়া যে, তিনি আমাকে অত্র গ্রন্থের পাণ্ডুলিপি পরিমার্জিতরূপে প্রস্তুত করার তাওফীক্ব দিয়েছেন। গ্রন্থটির বেশীর ভাগই হযরত ইমাম আবূ হানীফাহ্ (র.) সম্পর্কিত। এর কারণ আলোচ্য বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট তথ্যাদির ক্ষেত্রে তাঁর সাথে সম্পর্কিত তথ্যাদির আধিক্য; অন্য কোনো কারণ নয়। আমি জানি যে, গবেষণামূলক গ্রন্থের দৃষ্টিকোণ থেকে এটি কোনো শক্তিশালী গ্রন্থ নয়, কিন্তু যেহেতু গ্রন্থের আলোচ্য বিষয়টি এমনই যে, ইসলামী উম্মাহর ঐক্য ও সংহতির স্বার্থে এ বিষয়ে যথেষ্ট চর্চা হওয়া উচিত, অথচ আমাদের সমাজে এ নিয়ে কোনোই চর্চা নেই। এমনকি এ বিষয়ে আমাদের সমাজের মানুষকে এমনই অন্ধকারে রাখা হয়েছে যে, অনেকের পক্ষে বিশ্বাস করাই কঠিন যে, আহলে বাইত্ ও আহলে বাইতের ইমামগণের (‘আঃ) সাথে আহলে সুন্নাতের ইমামগণের কোনো সম্পর্ক থাকতে পারে। এ বিষয়ে অত্র গ্রন্থ হয়তো অজানার অন্ধকার সামান্যই দূর করতে সক্ষম হবে। তবে আমি আশা করবো এ গ্রন্থে যে সব প্রত্যক্ষ-পরোক্ষ তথ্যসূত্রের উল্লেখ রয়েছে সরাসরি সে সব তথ্যসূত্র ব্যবহার করে আলোচ্য বিষয়ে পূর্ণাঙ্গ ও সর্বাঙ্গসুন্দর গবেষণামূলক গ্রন্থ রচনার জন্য সুযোগ্য জ্ঞানগবেষক ব্যক্তিগণ অগ্রসর হবেন। অত্র গ্রন্থ কাউকে এ ব্যাপারে উদ্যোগী হতে উৎসাহিত করলে সেটাই হবে অত্র গ্রন্থের সবচেয়ে বড় সাফল্য।