

একটা মানুষ এমনও হয়! এত ভদ্র, এত নম্র! কারো দিকে চোখ তুলে না তাকানোর মানসিকতা। সবসময় মাথা নিচু করেই কথা বলে সে। উফ, কী যে ভালো লাগে আমার। ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমার মতো একটা মেয়েকে এত সম্মান করল ছেলেটা! আমি তো অত সম্মান পাবার যোগ্যতা রাখি না। আমি একটা কাজের মেয়ে। অন্যের বাড়িতে কাজ করেই আমার জীবনের নৌকা চলছে। সেই ছোট থেকেই। সেই আমাকে কিনা আপনি করে বলছে ছেলেটা! আজ সকালেই ছেলেটার সাথে আমার প্রথম দেখা। এর আগে কখনো এই বাসায় আসেনি ছেলেটা। বাড়িতে আম্মা আর আব্বা কেউ ছিল না। কলিং বেল বাজছিল। সচারচর বাড়িতে কেউ না থাকলে আমি দরজা খুলি না। কিন্তু কলিং বেল এমনভাবে চাপছিল ছেলেটা। মনে হচ্ছিল ওপাশে যে আছে তার ধৈর্য অনেক কম। বাধ্য হয়েই দরজা খুলে দিলাম। দেখি একজন সুঠাম দেহের সুপুরুষ দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। যেমন সুন্দর, তেমনি তার শারিরিক গঠন। চেহারায় মাধুর্যতা। আছে মাদকতা। বেশ আকর্ষণীয়। মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো। ক্লিন সেভ। চোখের ওপর চশমা। চশমাটাও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। মানুষের পোশাক সৌন্দর্য বাড়িয়ে দেয়। ছেলেটার পোশাকেও অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে। গায়ে স্যুট, প্যান্ট। পায়ে সদ্য কেনা সুন্দর এক জোড়া স্যু। সবকিছু মিলেই অদ্ভুত এক সৌন্দর্য। এমন সুন্দর ছেলে আমি শুধু টিভিতেই দেখেছি। বাস্তবে নয়। কথা বলতে গিয়ে গলায় আটকে গেল যেন। আমি তোতলাতে তোতলাতে বললাম, 'বাড়িতে তো কেউ নেই। আপনি কি আব্বার কাছে এসেছেন? উনি তো অফিসের কাজে বাহিরে। আসতে দেরি হবে।'