

শুরুতেই উল্লেখ করা প্রয়োজন মনে করি যে, আমি আজীবন অপ্রভাবিত অন্তঃকরণে সত্যানুসন্ধিৎসা ও নিষ্ঠা সহকারে ইসলামের খেদমতে নিয়োজিত এবং এ কারণেই সব সময়ই অন্ধ অনুসরণ ও একদেশদর্শিতার উর্ধে থেকে অকাট্য দলীলের আলোকে ইসলামের স্বরূপ সন্ধান করে আসছি। এ লক্ষ্যে যুগের পর যুগ অধ্যয়ন, অনুসন্ধান, পর্যালোচনা ও গবেষণার ফলে এ মর্মে উপসংহারে উপনীত হতে সক্ষম হই যে, যেহেতু কোনো অমুসলিমের নিকট ইসলামের একান্ত নিজস্ব জ্ঞানসূত্রসমূহের কোনোই গ্রহণযোগ্যতা নেই সেহেতু তাদের কাছে ইসলামের মৌলিক প্রতিপাদ্য বিষয়সমূহ অর্থাৎ তাওহীদ্, আখেরাত্ ও নবুওয়াত্, বিশেষতঃ শেষ নবী হযরত মুহাম্মাদ (ছাঃ)-এর নবুওয়াত্ ও কোরআন মজীদের ঐশিতা সর্বজনীন সুস্থ বিচারবুদ্ধি (عقل سليم عمومی)-এর আলোকে উপস্থাপন করা প্রয়োজন - যে জ্ঞানসূত্র মুসলিম-অমুসলিম নির্বিশেষে সুস্থ বিচারবুদ্ধির অধিকারী সকল মানুষের নিকট গ্রহণযোগ্য হওয়া অপরিহার্য, তা সংশ্লিষ্ট ব্যক্তি মুখে তার সত্যতা স্বীকার করুক বা না-ই করুক, তার অন্তঃকরণ অবশ্যই তার সত্যতা স্বীকার করে থাকে। আর স্বয়ং আল্লাহ্ তা‘আলাও কোরআন মজীদে এ বিষয়গুলোকে গ্রহণের জন্য বিচারবুদ্ধির কাছে পেশ করেছেন। সুতরাং অমুসলিমদের নিকট ইসলামের এ তিনটি মৌলিক প্রতিপাদ্য বিষয় উপস্থাপনের জন্য মুসলমানদেরকে উত্তরাধিকারসূত্রে অন্ধ বিশ্বাস হিসেবে প্রাপ্ত ধারণাসমূহকে পাশে সরিয়ে রেখে সর্বজনীন সুস্থ বিচারবুদ্ধির আলোকে এ সব বিষয়কে নতুন করে জেনে নিয়ে নতুন করে ঈমান্ আনতে হবে। আর যে কেউ সর্বজনীন সুস্থ বিচারবুদ্ধির আলোকে ইসলাম গ্রহণ করলে অতঃপর তাঁর জন্য এ তিনটি বিষয়ের শাখা-প্রশাখাসমূহ এবং স্বীয় করণীয় ও বর্জনীয় (ফরয/ ওয়াজিব্ ও হারাম্) সম্পর্কে সর্বজনীন সুস্থ বিচারবুদ্ধির অকাট্য দিকনির্দেশ সমূহের পাশাপাশি কোরআন মজীদের দিকনির্দেশসমূহ অনুসরণ অপরিহার্য - যে কোরআন মজীদকে তিনি সর্বজনীন সুস্থ বিচারবুদ্ধির আলোকে অনাদি-অনন্ত ইন্দ্রিয়াতীত স্রষ্টা আল্লাহ্ তা‘আলার পক্ষ হতে অবতীর্ণ হিসেবে জানতে পেরেছেন। [হানাফী মাযহাবে যে অর্থে “ফরয” বলা হয় কোনো কোনো মাযহাবে সে অর্থে “ওয়াজিব্” বলা হয়; অনেক প্রাচীন গ্রন্থেও এভাবেই আছে। তাই অত্র গ্রন্থে “ফরয/ ওয়াজিব্” লিখেছি।] অতঃপর তিনি সর্বজনীন সুস্থ বিচারবুদ্ধির আলোকে ব্যাপক সূত্রে বর্ণিত মুতাওয়াতির হাদীছ ও শুরু থেকে চলে আসা শিয়া-সুন্নী নির্বিশেষে সমগ্র ইসলামী উম্মাহর সর্বসম্মত মত ও আচরণসমূহের (ইজমাা‘এ উম্মাহর) অকাট্যভাবেই রাসূলুল্লাহর (ছাঃ) কথা, কাজ ও সত্যায়ন বলে বুঝতে পারেন - যার আল্লাহর নবী হওয়ার ব্যাপারে তিনি ইতিমধ্যেই সর্বজনীন সুস্থ বিচারবুদ্ধির আলোকে অকাট্য প্রত্যয়ে উপনীত হয়েছেন। অতঃপর খাবারে ওয়াাহেদ্ হাদীছ ও ইসলামী মনীষীদের মতামত কেবল প্রায়োগিক (ফরয/ ওয়াজিব ও হারাম সংশ্লিষ্ট শর্তাবলী) এবং গৌণ (মুস্তাহাব্ ও মাকরূহ্) ক্ষেত্রে কোনো অকাট্য জ্ঞানসূত্রের সাথে সাংঘর্ষিক না হওয়া সাপেক্ষে গ্রহণযোগ্য।
আল্-হামদু লিল্লাাহ্ 🌹
Read all reviews on the Boitoi app