

শুরুতেই উল্লেখ করা প্রয়োজন মনে করি যে, আমি আজীবন অপ্রভাবিত অন্তঃকরণে সত্যানুসন্ধিৎসা ও নিষ্ঠা সহকারে ইসলামের খেদমতে নিয়োজিত এবং এ সত্যানুসন্ধিৎসার কারণে সব সময়ই অন্ধ অনুসরণ ও একদেশদর্শিতার উর্ধে থেকে অকাট্য দলীলের আলোকে ইসলামের স্বরূপ সন্ধান করে আসছি। এ লক্ষ্যে যুগের পর যুগ ধরে অধ্যয়ন, অনুসন্ধান, পর্যালোচনা ও গবেষণার ফলে এ মর্মে উপসংহারে উপনীত হতে সক্ষম হই যে, ইসলামের ‘আক্বাএদ্ ও অপরিহার্য আহ্কাম (ফরয/ ওয়াজিব্ ও হারাম) সম্পর্কিত অকাট্য জ্ঞানসূত্র চারটি : (১) সর্বজনীন সুস্থ বিচারবুদ্ধি (عقل سليم عمومی) - যার দ্বারা বিচার-বিবেচনা করে একজন অমুসলিম ইসলামের মৌলিক প্রতিপাদ্য বিষয়সমূহ অর্থাৎ তাওহীদ্, আখেরাত্ ও নবুওয়াত্, বিশেষতঃ শেষ নবী হযরত মুহাম্মাদ (ছাঃ)-এর নবুওয়াত্ ও কোরআন মজীদের ঐশিতা সম্পর্কে অকাট্য প্রত্যয়ে উপনীত হয়ে ইসলাম গ্রহণ করে, এরপর এ সব বিষয়ের বিভিন্ন দিক এবং করণীয় ও বর্জনীয় সম্পর্কে (২) কোরআন মজীদ, (৩) প্রতিটি স্তরে ব্যাপক সূত্রে বর্ণিত (মুতাওয়াতির) হাদীছ ও (৪) শিয়া-সুন্নী নির্বিশেষে মুসলমানদের সর্বসম্মত মত ও আচরণ (ইজমাা‘এ উম্মাহ্)। [হানাফী মায্হাবে যে অর্থে “ফরয” বলা হয় কোনো কোনো মায্হাবে সে অর্থে “ওয়াজিব্” বলা হয়; অনেক প্রচীন গ্রন্থেও এভাবেই আছে। তাই অত্র গ্রন্থে “ফরয/ ওয়াজিব্” লিখেছি।] বস্তুতঃ অপ্রভাবিত নিরপেক্ষ সত্যানুসন্ধানী অন্তঃকরণে অকাট্য দ্বীনী জ্ঞানসূত্রসমূহের আলোকে ইসলামের সঠিক পরিচয় অর্জনের ফলে এমন একটি দৃষ্টিভঙ্গি তৈরী হয় যে দৃষ্টিভঙ্গির সামনে যা কিছু আসে তা-ই কোরআন মজীদ সহ এ সব জ্ঞানসূত্রের আলোকে যাচাই-বাছাই হয়ে যায়। তাই ইসলামের সঠিক পরিচয়ের সন্ধানী যে কারো জন্য এ দৃষ্টিভঙ্গি অর্জন করা অপরিহার্য; আমি আন্তরিকভাবে এ ধরনের দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য চেষ্টা করে আসছি এবং অন্যদেরকে এ ধরনের দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য উৎসাহিত করছি। অত্র গ্রন্থ এ লক্ষ্যেই নিবেদিত। অবশ্য এ হচ্ছে এমন কঠিন জীবনসাধনা যাতে সহায়ক ও সহযাত্রী পাওয়ার সম্ভাবনা খুবই কম। এ কারণেই এ ধরনের অপ্রভাবিত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির গ্রন্থাবলীর পাঠকপ্রিয়তা লাভের সম্ভাবনা খুবই কম বিধায় এ ধারায় লিখিত আমার গ্রন্থাবলীর জন্য প্রকাশক পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে সত্যে উপনীত হয়েছি পাঠকপ্রিয়তা বা পৃষ্ঠপোষকতা লাভের প্রত্যাশায় তার ব্যাপারে আপোস করা সম্ভব হয় নি।
আল্-হামদু লিল্লাাহ্ 🌹
Read all reviews on the Boitoi app