

মামা তার বাগানে চলে গেলেন। আরিফের মনে হলো বাগানে এলেই মনে যে আনন্দের একটা সুর বাজত, সেটি কেটে গেছে। দুপুরের খাবারও খাওয়া হলো চুপচাপ, যেন খেতে হচ্ছে, তাই। তারপর দুই বন্ধু চলে গেলেন বারান্দায় পাতা দুটি চেয়ারে। সামনের একটা কফি টেবিলে একটা বড় কাগজ বিছিয়ে তাতে কলম-পেন্সিল দিয়ে নানা আঁকিবুঁকি দিতে থাকলেন। বাংলোর দেখাশোনা যিনি করেন, যাকে সবাই 'অমল দা' ডাকে, তিনি পটে করে চা নিয়ে এলেন। আরিফ বুঝল, এখানে তার দরকার নেই। সে চুপি চুপি বেরিয়ে পড়ল। কাল্লু লাফিয়ে লাফিয়ে চলল তার সঙ্গে। আরিফের মনে হলো, আগে যে আনন্দ তার হতো, সেটি এখন কাল্লুর। তার খাওয়াটা হয়েছে দারুণ। বাবুর্চি ইনসান ভাই তাকে দুটো হাড্ডি দিয়েছেন। মাংস দিয়েছেন। কাল্লুকে পায় কে এখন!