
চোখ কুঁচকে হাতে ধরা চিঠিটার দিকে চেয়ে আছে টেক্সাসের রেঞ্জার্স কমান্ডার, ক্যাপ্টেন ডেভিড কলটন। দীর্ঘদেহী। বয়স পঞ্চান্ন। চুল সব পেকে সাদা হয়ে গেছে। মাথার মাঝখানে ছোট্ট টাক। হালকা-পাতলা গড়ন কমান্ডারের। অত্যন্ত কর্তব্যনিষ্ঠ আর দায়িত্ব সচেতন মানুষ। একটুু ভাবুক, আত্মভোলা টাইপের। অফিসের চেয়ারের চাইতে স্যাডল তার বেশি প্রিয়। এ মুহূর্তে অবশ্য অফিসে রয়েছে ডেভিড কলটন, এবং নিজের বিশাল ডেস্কের পিছনের চেয়ারে বসে আছে আধশোয়া হয়ে। তার পিছনের দেয়ালে ঝুলছে টেক্সাসের প্রকাণ্ড একটা ম্যাপ। সেটার এখানে-সেখানে লাল প্লাস্টিকের টোপর পরানো পিন গাঁথা আছে। রেঞ্জার্সের ফিল্ডম্যানের গ্রুপগুলোর কোনটা বর্তমানে কোথায় আছে, তা নির্দেশ করা হয়েছে ওগুলোর মাধ্যমে।