
জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আছে না? বনলতা সেন নামক এক নারীকে নিয়ে লেখা। কবিতার দুটো লাইন আমার মনে থাকে। স্মৃতি শক্তি নড়বড়ে হওয়ার কারণেই হয়তো। সে কথা থাক৷ কবিতার লাইনে ফিরে যাই - "আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন। " ভালোবাসা বলতে কি শান্তি আর স্বস্তি পাওয়াটাই বোঝায় জীবনানন্দ বাবু? নাকি ভালোবাসা বলতে শুধু অপরপক্ষকে নিঃস্বার্থভাবে দিয়েই যাওয়া? আমি যতদূর জানি পুরুষ মানুষ ভালোবাসতে জানে না। তারা শুধু নারীর মধ্যে স্বস্তি আর শান্তি খুঁজে বেড়ায়। যে নারীর মাঝে তারা স্বস্তি আর শান্তি পাবে ; সেই নারীর মধ্যেই তারা বসত গড়বে। আমার জানাটা কি ঠিক, জীবনানন্দ বাবু? প্রিয় পাঠক, প্রশ্নটা আপনাদের কাছেই তোলা রইলো। ' নাকফুল ' লিখতে গিয়ে আমার এটাই মনে হয়েছে যে ভালোবাসতে জানে না পুরুষ। পুরুষ শুধু স্বস্তি আর শান্তি খুঁজে ফেরে। যেমনটা জীবনানন্দ দাশ শান্তি পেয়েছিলেন বনলতা সেনের কাছে!