

বাসায় ফিরেই আমি মার ঘরে গিয়ে ঢুকলাম। আমাদের বাসায় শুধু মার ঘরেই আয়না আছে। দরজার পেছেনের দেয়ালের সঙ্গে লাগানো বিশাল বড় আয়না। এই আয়নার সামনে গিয়ে দাঁড়ালে মাথা থেকে পা পর্যন্ত দেখা যায়। প্রথমবার এই আয়নার সামনে দাঁড়িয়ে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যখন আয়না লাগানো হয়েছে তখন আমি বাসায় ছিলাম না— স্কুলে ছিলাম। স্কুল থেকে ফিরে মার ঘরে ঢুকে দরজা সরাতেই চমকে উঠলাম। দরজার পেছনের দেয়ালের ভেতরে ঠিক আমার মতো আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি যে আয়না দেখছি তা বুঝতে না পেরে বিকট এক চিৎকার দিয়ে উঠলাম। মা বারান্দায় কী যেন করছিলেন। আমার চিৎকার শুনে ‘কী হয়েছে?’ ‘কী হয়েছে?’ বলে ছুটে এলেন। আমি তখনো আয়নার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু এখন আর ভয় পাচ্ছি না। কারণ, দরজার পেছনের দেয়ালের ভেতরে ছেলেটা যে আয়ানার ভেতরের আমি তা এতোক্ষণে বুঝে গেছি। মা ছুটে এসে দেখলেন আমি চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে আছি। মা ব্যাপারটা বুঝতে পারলেন তাই কিছু বললেন না।