

মহামান্য জার-এর ভোজসভা! ক্রেমলিন প্রাসাদের ভোজকক্ষে আমন্ত্রিত অতিথিরা এক-এক করে উপস্থিত হচ্ছেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন, দেশ বিদেশের রাজদূত, উচ্চপদস্থ রাজকর্মচারী আর মস্কোর বহু ধনকুবের। আর যাঁরা এসেছেন তাদের মধ্যে কয়েকজন প্রখ্যাত সাংবাদিকও রয়েছেন। বিশ্ববিখ্যাত এ-ক্রেমলিন প্রাসাদে তাঁদের আগমনের কারণ, মহামান্য জারের ভোজসভার তথ্য সংগ্রহ করা। আয়োজনের ত্রুটি নেই এতটুকুও। পানাহারের ব্যবস্থা তো রয়েছেই, সে সঙ্গে গান ও নাচের মাধ্যমে অতিথিদের মনোরঞ্জনের ব্যবস্থাও রয়েছে পছন্দমাফিক। মহামান্য জার প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছেন, প্রতিটি টেবিলে। কথা বলছেন, প্রতিটি অতিথির সঙ্গে, তার বয়স চল্লিশের কাছাকাছি। দীর্ঘাকৃতি চেহারা। শরীরে বলও ধরেন অসাধারণ। পূর্ণ উদ্যমে পানাহার ও নাচ-গান চলছে। অকস্মাৎ অবিশ্বাস্য স্তব্ধতা নেমে এল ক্রেমলিন প্রাসাদের ভোজকক্ষে। অতিথিরা সন্ত্রস্ত-মনে তাকালেন সদর দরোজার দিকে, চোখের তারায় জিজ্ঞাসার চাপ। কাঁটামারা বুটের গম্ভীর আওয়াজ তুলে অখ- নীরবতা ভঙ্গ করে প্রধান সেনাপতি মহামান্য জারের দিকে এগিয়ে গেলেন।