

অত্র গ্রন্থ সম্পর্কে উল্লেখ করা প্রয়োজন মনে করি যে, প্রথমে নারী-অধিকার সংশ্লিষ্ট অনেকগুলো প্রবন্ধও অত্র গ্রন্থের অন্তর্ভুক্ত করেছিলাম, কিন্তু এর ফলে গ্রন্থের বেশীর ভাগই নারী-অধিকার সংশ্লিষ্ট হয়ে দাঁড়ায় এবং পরে এতদসংশ্লিষ্ট আরো কয়েকটি প্রবন্ধ লিখতে হয় বিধায় এ বিষয়ক প্রবন্ধগুলো “ইসলাম বনাম পুরুষতন্ত্র” শিরোনামে স্বতন্ত্র গ্রন্থভুক্ত করি; অবশিষ্ট প্রবন্ধগুলো বক্ষ্যমাণ গ্রন্থের অন্তর্ভুক্ত থাকে, তবে “ইসলামের আইন-বিধান কি অসম্পূর্ণ?”, “ইসলামী জীবনবিধানের কালোত্তীর্ণতা ও বিশ্বজনীনতা” এবং “ইসলামে বাসস্থানের অধিকার ও মীরাছ্ : নতুন দৃষ্টিপাত” শীর্ষক প্রবন্ধ তিনটি আলোচ্য বিষয়াদির ব্যাপকতার কারণে উভয় গ্রন্থে অন্তর্ভুক্ত করেছি। এছাড়া ইতিপূর্বে পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রবন্ধ পরিমার্জিত করে এবং পরে লিখিত কয়েকটি নতুন প্রবন্ধও অত্র গ্রন্থের অন্তর্ভুক্ত করি। সমর্থক ও বিরোধী সমালোচক নির্বিশেষে যাদের মতামত ফেসবুকে প্রকাশিত আমার প্রবন্ধগুলোর সমৃদ্ধিসাধনে, সংশোধনে ও পরিমার্জনে সহায়ক ভূমিকা পালন করেছে তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি; আল্লাহ্ তা‘আলা তাঁদের সকলকে তাঁর দ্বীনের সঠিক সমঝ ও তা অনুসরণের তাওফীক্ব দান করুন।