

মূলত বহমান সময়ের পথ ধরেই মানুষের জীবনে পালাক্রমে ঘটে থাকে নানা উত্থান পতন। যার কোন চিরস্থায়ী পরিসমাপ্তি নেই। যা কখনো সুখকর আনন্দের আবার কখনো বা ভীষণ কষ্টের ও যন্ত্রণার। এরই মাঝে ঘটে পাওয়া না পাওয়ার খেলা। সময়ের এই যে অদৃশ্য ভাষা তা কেবল পালাবদল করে ফিরে ফিরে আসে জীবন সংসারে নানা অজুহাতে। সময় কিন্তু ঠিক প্রতিশোধ নিয়ে নেয় এবং আমাদের শিখিয়ে দেয় জীবনবোধের সাতকাহন। রূপ নেয় এক অন্যরকম গল্প। আর গল্প, তাতো জীবন থেকেই উঠে আসে। সে জীবনে কতশত না বলা কথা থেকে যায়, রয়ে যায় মুঠো মুঠো স্বপ্ন আর বাস্তবতার নিদারুণ চিত্র। তাই সময়ের টানাপোড়েনে মানুষের জীবনও বদলে যায় কোনো অপ্রত্যাশিত আবছা অনুভূতি নিয়ে। যা কবি দারুণভাবে উপস্থাপন করেছেন প্রতিটি গল্পের ভাঁজে ভাঁজে। কথাসাহিত্যিক শারমিন সুলতানা তাঁর "সময়ের অব্যক্ত ভাষা" গল্পগ্রন্থটিতে ঠিক এ রকমই কিছু চমৎকার গল্পে সাজিয়েছেন। এই বইটিতে পাঠক হৃদয় খুঁজে পাবেন নানা বিচিত্রতা।